পুরস্কার কন্যা বিদ্যা বালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে ক্যাটরিনা, কারিনা কিংবা ঐশ্বরিয়া বলিউডের ১ নম্বর নায়িকা? পুরস্কারের তালিকা তো বলে ভিন্ন কথা। বিদ্যা বালান পরপর দুই বছর সব পুরস্কার বগলদাবা করে নায়িকাদের ঘুম হারাম করে দিয়েছেন। এ সময়ের নায়িকারা বছরে পর্দায় আসেন তিন থেকে চারবার। আর পুরো বছর মাতিয়ে রাখেন ম্যাগাজিনের প্রচ্ছদে, নয়তো কোনো পেজ-থ্রি পার্টিতে। বিদ্যা এ ক্ষেত্রেও ব্যতিক্রম। ২০০৯-এ মাত্র একটি ছবি, পা। ২০১০ সালেও মাত্র একটি ছবি, ইশকিয়া। মার মার কাট কাট কোনো হিট ছবি নয়, দুটি ছবিরই প্রযোজক মূলধন উঠিয়ে লাভের মুখ দেখেছেন—এই যা। তাতেই কেল্লাফতে। অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য বিদ্যা বাগিয়ে নিয়েছিলেন ফিল্মফেয়ার, স্ক্রিন, আইফা, স্টারডাস্ট থেকে শুরু করে সব পুরস্কার। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কাজল, ঐশ্বরিয়া, ক্যাটরিনা, আনুশকা, কারিনা, দীপিকার মতো প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও বিদ্যাই পেয়েছেন এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া তিনটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সব কটি জনপ্রিয় পুরস্কার (স্ক্রিন, জি, অপ্সরা)। শরীরী আবেদন দিয়ে নয়, অভিনয়ের দ্যুতি প্রদর্শন করেই বিদ্যা জয় করে নিয়েছেন জুরিবোর্ড এবং আমজনতার মন। কে জানে, হয়তো হ্যাটট্রিকও হয়ে যেতে পারে আগামী বছর। বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া নো ওয়ান কিলড জেসিকা সব মিলিয়ে হিট। আর এ ছবিতে বিদ্যার অভিনয় এক কথায় সুপার হিট। সমালোচকেরা ইতিমধ্যেই রায় জানিয়েছেন, বিদ্যার অভিনয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য অন্য অভিনেত্রীদের অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে বিদ্যা জানান ভিন্ন কথা। তিনি নাকি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। এ বছর বিদ্যা আর এক ছবি নিয়ে নয়, আসছেন আরও তিন ছবি নিয়ে—ড্রিম সিকোয়েন্স, ডার্টি পিকচার, কাহানি। তিন ছবির গল্পই লেখা হয়েছে বিদ্যাকে ঘিরে। এ সময়ের জন্য এটা একটা অর্জনই বলা যেতে পারে। কারণ এ সময়ের নায়িকাদের কাহিনিকারেরা শোপিস হিসেবে ব্যবহার করতেই বেশি পছন্দ করেন। তাঁদের যুক্তিও অবশ্য ফেলে দেওয়া যায় না, নারীকেন্দ্রিক ছবি আমজনতা সাধারণত পছন্দ করে না। নো ওয়ান কিলড জেসিকা এর ব্যতিক্রম। রানী ও বিদ্যা এ ছবিতে শুধু সমালোচকদের দৃষ্টিই কাড়েননি, আমজনতার হাততালিও অর্জন করে নিয়েছেন। সমস্যা একটাই। বিদ্যা সামাজিক নন। এটা অবশ্য বিদ্যা নিজেও স্বীকার করেন। শুটিং না থাকলে ঘরে বসে পরিবারের সঙ্গে সময় কাটাতেই তাঁর ভালো লাগে। পার্টিতে গিয়ে সম্পর্ক রক্ষা করা, সবার সঙ্গে টুইটার, ফেসবুক, এসএমএসে যোগাযোগ রক্ষা বিদ্যার ধাতে সয় না। বরং নাকের ডগায় চশমা গুঁজে বই পড়ার দিকে রাজ্যের আগ্রহ তাঁর। এ জন্য অবশ্য সহকর্মীদের কাছ থেকে ‘আঁতেল’ উপাধিও খুব সহজে ঝুলিতে ভরেছেন মিস বালান। এসব সমালোচনা নিয়েও বিদ্যার আগ্রহ নেই খুব একটা। তবে বছর কয়েক আগে পোশাকজ্ঞান নিয়ে বেশ কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আজও হেই বেবি ছবিতে বিদ্যার পোশাক নিয়ে কথা শুনতে হয় তাঁকে। এ বিষয়ে বিদ্যার সজাগ দৃষ্টি। তাঁর ভাষ্যমতে, ‘হেই বেবি ছবিতে অনেক কিছুই আমার ইচ্ছার বিরুদ্ধে করতে হয়েছে। নিজের পছন্দমাফিক অনেক কিছুই করতে পারিনি। সমালোচনা নিয়ে আমার খেদ নেই। তবে আমি সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। যত বড় নির্মাতাই হোক, আমি কাহিনি, চিত্রনাট্য, চরিত্রের লুক নিয়ে কারও সঙ্গেই আর আপস করি না।’ কথা সত্য। ঝুম বারাবার ঝুম ছবিতে লারা দত্তের চরিত্র এবং পেয়ার ইম্পসিবল ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিদ্যা। যশরাজ ফিল্মসের মতো প্রযোজনা সংস্থার দুটি ছবি ফিরিয়ে দিতেও কার্পণ্য করেননি মিস বালান। এ রকম সাহস খুব কম অভিনেত্রীরই আছে। বিয়ে নিয়ে অবশ্য মিস বালানের খুব একটা আগ্রহ নেই। এখনো তাঁর মুখস্থ বুলি, গুলজারের মতো ব্যক্তিত্বের সঙ্গে যেদিন দেখা হবে, সেদিনই মিস থেকে মিসেস হবেন তিনি। তার আগে অবশ্য প্রেম চলবে; আর সেই প্রেমিকের নাম অভিনয়।  রুম্মান রশীদ খানসূত্র: ওয়েবসাইট