পুরস্কার দিয়ে শেষ হলো চলচ্চিত্র উৎসব

শেষ হলো ১৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ৯ দিনের এই চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান ছিল আজ শুক্রবার। বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্বপ্ন ও জীবনের সমন্বয় সাধনের এক অনন্য প্রয়াস চলচ্চিত্র। চলচ্চিত্র বিশ্বব্যাপী জঙ্গি ও অপশক্তি দমনে বড় ভূমিকা রাখবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘চলচ্চিত্র উৎসবের জন্য ৯ দিন খুব কম সময়। আশা করি, আগামী বছরে এই উত্সব আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এতে সেরা চলচ্চিত্র বিভাগে ফিলিপাইনের ‘চাইল্ড হস’ চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছেন বাদল রহমান। সেরা দর্শক পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। আধ্যাত্মিক ছবির পুরস্কার জিতেছে ইরানের ছবি ‘টুডে’ এবং একই বিভাগে চীনা ছবি ‘লাইফ লাইন’। সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে জেরুজালেমের ‘নো বডি হোম’। এ তালিকায় আরও রয়েছে আর্জেন্টিনার ‘মাদ্রে দি লস ডিওস’। স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র শাখায় পুরস্কৃত হয়েছে চীনা ছবি ‘প্যান রু ইউন নি’ এবং অস্ট্রিয়ার ‘কেচ আপ কিড’, একই শাখায় বিশেষ অবস্থানে রয়েছে ইরানি ছবি ‘ইট হিটস আপন দ্যা রুফ’।
সেরা নারী নির্মাতার ছবির পুরস্কার জিতেছেন ইরানের ফিচার ফিল্ম ‘শিয়ারে ১৪৩’ এবং বিশেষ পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’। নারী বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বেলজিয়ামের ‘স্প্রিংতিজ’; তালিকায় বিশেষভাবে রয়েছে কিরগিজস্তানের ‘টোপারাক’। নারী বিভাগে সেরা তথ্যচিত্র পাকিস্তান, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে নির্মিত ছবি ‘কেটু অ্যান্ড দ্য ইনভিজিবল ফুটম্যান’। অস্ট্রেলিয়ান প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ইরান ও আফগানিস্থানের যৌথ ছবি ‘এ ফিউ কিউবিক মিটারস অব লাভ’, একই শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। ‘দ্য লাস্ট এক্সিকিউশনার’ চলচ্চিত্রের জন্য সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের নির্মাতা টম ওয়ালার, বিশেষ বিবেচনায় ছিলেন আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন থাইল্যান্ডের ভিথায়া প্যানসিঙ্গারাম ‘দ্য লাস্ট এক্সিকিউশনার’ চলচ্চিত্রের জন্য এবং ইরাকের মোহাম্মদ আবু আল আব্বাস ‘স্যামট আল রাই’ চলচ্চিত্রের জন্য। সেরা অভিনেত্রী হয়েছেন ইরানের ফাতেমা মোটামেদ আরিয়া ‘নাবাত’ চলচ্চিত্রের জন্য। ‘সে মাহি’ চলচ্চিত্রের জন্য সেরা পাণ্ডুলিপিতে পুরস্কৃত হয়েছেন ইরানি নিলুফার মাহলোজি। সেরা সিনেমাটোগ্রাফার হয়েছেন ‘সারা’ চলচ্চিত্রের জন্য প্যালেস্টাইনের ইব্রাহিম ইয়াগি।
জাতীয় জাদুঘর মিলনায়তন, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন ও ধানমন্ডির ইএমকে সেন্টার মিলনায়তনে এসব চলচ্চিত্র দেখানো হয়। উৎসবে অংশ নিয়েছেন ৮৮ জন বিদেশি অতিথি। দেখানো হয়েছে ৬০টি দেশের ১৭০ টিরও বেশি চলচ্চিত্র।
আজ উৎসবের শেষ দিনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এবং জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল ১৩টি চলচ্চিত্রের প্রদর্শনী।