দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক যাও পাখি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন আজাদ আবুল কালাম। পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। নাটকে অভিনয় করছেন দিলারা জামান। কথা হলো তাঁর সঙ্গে।আপনি অনেক দিন দেশের বাইরে ছিলেন?হ্যাঁ, ৭৫ দিন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায়, আমার মেয়ের কাছে। ওর মেয়ে হয়েছে। সে কারণেই গিয়েছিলাম।তাহলে নিশ্চয়ই বেশ আনন্দে ছিলেন?খুব আনন্দ করেছি। আমার নতুন বন্ধু এসেছে। ফুটফুটে একটি মেয়ে, আমায়রা। নামটির অর্থও বেশ সুন্দর, রাজকন্যা। আরেকটি ব্যাপার, সারা জীবন তো বরফ পড়ার কথা শুনেছি। কিন্তু কখনো দেখা হয়নি। এবার দেখেছি। বরফের ওপর মজা করতে গিয়ে পড়ে হাত ভেঙেছি। এখন প্লাস্টার দিয়ে হাত ঝুলিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় মেয়ে তো আসতেই দিতে চায়নি। আমি জোর করে চলে এসেছি।কেন?অভিনয়জীবনে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি, আর আমি দেশে ফিরব না! ১০ এপ্রিল এই পুরস্কার দেওয়া হবে। ওখানে পত্রিকার ওয়েবসাইট থেকে প্রথম এই খবরটি জানতে পারি। তখন যে কী আনন্দ হয়েছিল, বলে বোঝাতে পারব না। আশপাশের প্রবাসী বাংলাদেশিরা এসে আমাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই তাঁদের বাসায় নিমন্ত্রণ করেছেন।আপনি তো চন্দ্রগ্রহণ ছবির জন্য এই পুরস্কার পাচ্ছেন।আমার সঙ্গে কিন্তু চম্পাও একই পুরস্কার পাচ্ছেন। মুরাদ পারভেজের এই ছবিতে কাজ করার সময় অনেক কষ্ট করেছি। খুলনায় সুন্দরবনের কাছাকাছি এক নদীতে ১০ দিন লঞ্চে ছিলাম। নদীর পাড়ে আমি চা বিক্রি করি। এর আগে কখনো জোয়ার-ভাটার খেলা দেখিনি। এই ছবিতে কাজ করার সময় তা দেখেছি। কাজ করছি, হঠাৎ দেখি পুরো জায়গা পানিতে ডুবে গেছে। আমরাও সব গুটিয়ে লঞ্চে গিয়ে উঠেছি।এবার যাও পাখি নাটকটি নিয়ে কিছু বলুন।যাওয়ার আগে বেশ কিছু কাজ করে গেছি। ২০ এপ্রিল থেকে আবার শুটিং শুরু হবে কালীগঞ্জে। এবার স্বামীর সঙ্গে আমার টানাপোড়েন আরও প্রকট হবে। বিনোদন প্রতিবেদক