দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু-কিশোরদের কলকাকলিতে গতকাল বুধবার সকালে মুখরিত ছিল বাংলা একাডেমীর নতুন ভবনের মূল মিলনায়তন। ওরা এসেছিল শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার নিতে।বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ী ১৫৩ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে মোট ৫১টি বিষয়ে দুটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে ১২৩টি এবং ক্রীড়া বিষয়ে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য আনন্দ ও বিনোদনের প্রয়োজন রয়েছে। সরকার শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পথশিশুদের স্কুলমুখী করার জন্য ২০টি জেলায় বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিশুর বিকাশকে সর্বজনীন করতে সুবিধাবঞ্চিত শিশু যেমন প্রতিবন্ধী, অটিস্টিক শিশু, কন্যাশিশু এবং শ্রমে নিয়োজিত শিশুদেরও পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মেহের আফরোজ বলেন, মা-বাবা সচেতন হলেই শিশুরা সামনে এগিয়ে যাওয়া ও নতুন স্বপ্ন দেখার প্রেরণা পায়। তিনি শিশুর প্রতিভা বিকাশে উদ্যোগী হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।এবারের প্রতিযোগিতায় সারা দেশের প্রায় দেড় লাখ শিশু খেলাধুলা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি, বিজ্ঞান, শিল্পকর্ম ও ক্রীড়া বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তৃণমূল পর্যায় থেকে শিশুদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে শিশু একাডেমী।শিল্পকলায় ‘একুশ বছর শেষে’বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও শিল্পী আবু জাফরের যৌথ আয়োজনে ১২ এপ্রিল থেকে একাডেমীর জাতীয় চিত্রশালা গ্যালারিতে চলছে আবু জাফরের বিশেষ একক প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘একুশ বছর শেষে’। ২৪ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যপ্রবাসী আবু জাফর সেখানে শিল্পচর্চা করছেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। পেইন্টিং, ভাস্কর্য ও স্থাপনাশিল্প—এ রকম কয়েকটি মাধ্যমে কাজ করেন আবু জাফর। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।‘চলচ্চিত্র পাঠচক্র ২০১৩’চলচ্চিত্র দেখা, এ নিয়ে আলোচনা এবং পঠন-পাঠনে প্রণোদনা দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে এক চলচ্চিত্র পাঠচক্রের আয়োজন করেছে। ৩ মাসের এ পাঠচক্রে ধ্রুপদি ও সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্র সম্পর্কে তাত্ত্বিকসহ বিভিন্ন ধারণা দেওয়া হবে। পাঠচক্রে পাঠদান করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্র গ্রাহক আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, অধ্যাপক ফাহমিদুল হক প্রমুখ। তিন মাস মেয়াদি এ পাঠচক্র চলবে সপ্তাহে দুই দিন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা এবং শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। পাঠচক্র শুরু হবে আগামী ৪ মে। অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধনের শেষ তারিখ ৩০ এপ্রিল। আবেদনপত্র সংগ্রহ, সাক্ষাৎকার এবং নিবন্ধনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালার ৭০১ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্রপ্রদর্শনী শিল্পাঙ্গন গ্যালারিতে আগামী ১ মে থেকে ৭ মে শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের ‘ইংক ড্রয়িং, ড্রয়িং অ্যান্ড কালার’ শীর্ষক একটি একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১মে বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।এই প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে গ্যালারির প্রতিষ্ঠাতা ফয়েজ আহমেদেকে। প্রদর্শনীটির উদ্বোধন করবেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী, শিল্পাঙ্গনের চেয়ারপারসন রোকেয়া কাদের, নিউ এজ পত্রিকার প্রকাশক শহিদুল্লাহ খান বাদল, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, শিল্পী রফিকুন নবী ও কবি বেলাল চৌধুরী। বিজ্ঞপ্তি