পুরস্কার পেলেন তরুণ কবি-লেখকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যচর্চাকে উৎসাহ দিতে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০১২ সালের পুরস্কার অর্জন করেছেন প্রবন্ধে করুণ মাল্যবান ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থের জন্য পিয়াস মজিদ, কবিতায় ভিখিরিও রাজস্থানে যায় গ্রন্থের জন্য মোস্তাক আহমাদ দীন, কথাসাহিত্যে দীর্ঘশ্বাসেরা হাওয়ার জলে ভাসে গ্রন্থের জন্যে মাসউদুল হক এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নক্ষত্রের রাজারবাগ গ্রন্থের জন্য মোশতাক আহমেদ। গতকাল শুক্রবার তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ওই চারজন কবি ও লেখককে এই পুরস্কার দেওয়া হয়। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি এবং লেখক মুহম্মদ জাফর ইকবাল বিশেষ অতিথি ছিলেন। বিচারকমণ্ডলীর পক্ষে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। আরও বক্তব্য দেন এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব-উর-রহমান, কালি ও কলম সম্পাদক আবুল হাসানাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।তরুণ লেখকদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, বাংলাদেশের তরুণ কবি ও লেখকেরা দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও জীবনাচরণ তুলে ধরার জন্য তাঁদের সৃজনীশক্তি সমৃদ্ধ করে চলেছেন। সমকালীন তরুণদের লেখার মধ্যে নিরীক্ষার স্ফুরণ দেখা যায়। সময়কে নানা কৌশলে ধরার জন্যও তাঁরা উদ্গ্রীব।পুরস্কার প্রদান শেষে একক সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতের শিল্পী লাইসা আহমেদ। ২০০৮ সাল থেকে পুরস্কারপ্রাপ্ত পাঁচজন কবির নির্বাচিত কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।রোকেয়া সুলতানার একক চিত্রকলা প্রদর্শনী শুরুগুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল থেকে শিল্পী রোকেয়া সুলতানার ‘ফাটা মরগানা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রদর্শনীতে প্রায় ৪০টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী আগামী ১১ জুন পর্যন্ত চলবে।‘হামিদুর রাহমান পুরস্কার’ প্রদান আজপঞ্চাশ ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘হামিদুর রাহমান পুরস্কার’ ২০০৭ সাল থেকে প্রবর্তন করা হয়। এই পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। ২০১৩ সালের ‘হামিদুর রাহমান পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।আজ শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী সৈয়দ জাহাঙ্গীর।র্যাঁবোর কবিতাসন্ধ্যাফরাসি কবি আর্তুর র্যাঁবোর কবিতা নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয় এক কবিতাসন্ধ্যা। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবৃত্তিকার মাহবুব পারভেজ এবং আলিয়ঁসের ভাষা শিক্ষার্থীরা। এতে বিনয় বর্মনের র্যাঁবোর কবিতা বইটি নিয়েও আলোচনা হয়। আলোচনা করেন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল করিম নাসিম, অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, শিশির ভট্টাচার্য, কবি জাহিদুল হক, বিমল গুহ, মানিক মো. রাজ্জাক, রাজু আলাউদ্দিন ও সৈকত হাবিব। ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ের লিটভিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।আর্তুর র্যাঁবো (১৮৫৪-১৮৯১) ফ্রান্সের শার্লভিলে জন্মগ্রহণ করেন। বয়স ২০ অতিক্রম করার আগেই কবিতা লিখে আলোড়ন তোলেন তিনি। বিজ্ঞপ্তি।নড়াইলে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারপ্রাপ্তির শতবর্ষ উদ্যাপননড়াইল প্রতিনিধি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শুক্রবার প্রথম দিন বিকেলে জেলা শিল্পকলা মিলনায়তনে ‘সুরধাম’ বাঙালি সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উদ্যাপন পর্ষদের আহ্বায়ক মাহাবুবুর রহমান, সদস্যসচিব মাসুদুল হক, শিল্পী শুভাশীষ বাগচি, মৃত্যুঞ্জয় রায়, মলয় কান্তি নন্দী প্রমুখ।