পুরস্কার পেলেন তরুণ নির্মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত উৎসবের শ্রেষ্ঠ কাহিনিচিত্র নির্মাতার পুরস্কার নিচ্ছেন আকরাম খান
গত উৎসবের শ্রেষ্ঠ কাহিনিচিত্র নির্মাতার পুরস্কার নিচ্ছেন আকরাম খান

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হয়ে গেল ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব ২০১৬-২০১৭’-এর দ্বিতীয় আবর্তন। দেখানো হলো আগস্ট মাসের নির্বাচিত পাঁচটি চলচ্চিত্র। এ ছাড়া গত বছরের উত্সবের তিনটি বিভাগে নির্বাচিত শ্রেষ্ঠ তিন চলচ্চিত্রকারের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকার চেক।
গতকাল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র অধ্যয়নের শিক্ষক হায়দার রিজভী। রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উত্সব উদ্বোধন করেন অতিথিরা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন উত্সব পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। উৎসবের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সাজেদুর রহমান ও উত্সবের অন্যতম জুরি সদস্য ও চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক।
আলোচনা শেষে ঘোষণা করা হয় গণ-অর্থায়নের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনার একটি কর্মসূচি ‘সিনেমা ফাইভ’-এর। এটি পরিচালনা করবেন ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব’-এর অংশগ্রহণকারীরা।
এ উৎসবের জন্য প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দেন নির্মাতারা। সেগুলো দেখে প্রদর্শনীর উপযোগী চলচ্চিত্র নির্বাচন করেন জুরি কমিটির সদস্যরা। পরের মাসের শেষ শুক্রবার নির্বাচিত ছবিগুলো দেখানো হয়। এভাবে ১২ মাস ধরে শুধু বাংলাদেশের নির্মাতাদের বিভিন্ন ধরনের চলচ্চিত্র নিয়ে উত্সব অনুষ্ঠিত হয়। এই এক বছরে প্রদর্শিত সব কটি ছবি থেকে দেওয়া হয় তিনটি পুরস্কার।
গত বছরের উৎসবের ছবিগুলোর মধ্যে ‘ঘাসফুল’-এর জন্য আকরাম খান জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনিচিত্র পুরস্কার, পলাশ রসূল ‘হেফাজতনামা’ প্রামাণ্যচিত্রের জন্য আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ও আমিনুর রহমান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবরোধ’-এর জন্য বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের অর্থ গ্রহণ করেন।

উৎসবের উদ্বোধনে কথা বলছেন মোরশেদুল ইসলাম
উৎসবের উদ্বোধনে কথা বলছেন মোরশেদুল ইসলাম

গতকাল উৎসবে দেখানো আগস্ট মাসের নির্বাচিত পাঁচটি ছবির মধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে বছরব্যাপী এ প্রতিযোগিতার যৌথ আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।