পুরস্কার পেয়ে শিশুরা আত্মহারা
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু-কিশোরদের মিলনমেলা। প্রত্যেকের হাতেই পুরস্কার। আর নিজেদের কাজের স্বীকৃতি পেয়ে তাদের চোখেমুখে আনন্দের ঝিলিক।গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, শিল্পী মুস্তাফা মনোয়ার, ফরিদা জামান, জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় ১১৭টি বিভাগে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভাষাসৈনিক রওশন আরা শিশু-কিশোরদের দেশকে ভালোবাসার পরামর্শ দেন। শিশুদের আঁকা বিভিন্ন ছবি ও হাতের লেখার প্রদর্শনী করা হয়েছে মিলনায়তনের বাইরে। ছবিগুলোতে ফুটে উঠেছে দেশ, মুক্তিযুদ্ধ, ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র। একইভাবে লেখায়ও ফুটে উঠেছে দেশপ্রেম ও বাংলা ভাষার প্রতি মমত্ববোধের প্রকাশ।