পুরস্কার পেয়েছে টুসির 'মীনালাপ'

সুবর্ণা সেঁজুতি, সাংস্কৃতিক অঙ্গনে টুসি নামেই বেশি পরিচিত। ছোটবেলা থেকে জড়িত ছিলেন মঞ্চনাটকের সঙ্গে। সাংবাদিকতা করেছেন। টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনা আর গ্রন্থনার কাজ করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন। বাংলাদেশে পড়াশোনা করেছেন অর্থনীতি বিষয়ে। ভারতে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ফিল্ম ডিরেকশন ও স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন। টুসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। তাঁর নতুন ছবির নাম ‘মীনালাপ’।
১৪তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশি নির্মাতা সুবর্ণা সেঁজুতির ছবি ‘মীনালাপ’ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। কাজাখস্তানের অ্যাস্তানায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় এ উৎসব।
পরিচালক সুবর্ণা সেঁজুতি জানান, ছবিটির গল্প গড়ে উঠেছে বাঙালি এক দম্পতিকে ঘিরে। ভাগ্যের অন্বেষণে ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে পরিবারটি পুনে শহরে চলে যায়। সেখানে এক গার্মেন্টস কারখানায় এই দম্পতি কাজ নেয়। নতুন শহরে তাদের নতুন সংগ্রাম, নতুন আশা, নতুন স্বপ্ন। প্রথম স্বামী ও স্ত্রী থেকে মা-বাবা হওয়ার পূর্ব মুহূর্তগুলো উঠে এসেছে চলচ্চিত্রে।
সুবর্ণা সেঁজুতি এর আগে আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন। ছবিগুলো হলো ‘জাদু মিয়া’ (২০১১), ‘পারাপার’ (২০১৪) ও ‘পুকুরপার’ (২০১৮)।