পুরস্কার প্রত্যাখ্যান করলেন মালা সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার প্রতি তাঁরা প্রচণ্ড অবিচার করেছেন। আমন্ত্রণপত্রের কোথাও আমার নাম উল্লেখ করেননি। এটা খুবই অপমানজনক। এভাবে অপমান না করে তাঁরা যদি আমার গালে চড় লাগাতেন, সেটাও অনেক ভালো ছিল।’ এভাবেই মনের ক্ষোভ প্রকাশ করে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রত্যাখ্যান করলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী মালা সিনহা। হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে প্রতি বছর দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বদের। হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারটির জন্য এ বছর মনোনীত হয়েছিলেন ‘ধুল কা ফুল’খ্যাত নেপালি বংশোদ্ভূত বর্ষীয়ান অভিনেত্রী মালা সিনহা। কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কার কমিটির আচরণে ব্যথিত হয়ে পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন ৭৬ বছর বয়সী এ অভিনেত্রী। জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।এ প্রসঙ্গে ক্ষুব্ধ মালা সিনহার ভাষ্য, ‘এক মাস আগেই আমাকে এ পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছিল। গত সপ্তাহে পুরস্কার কমিটির চেয়ারপারসনসহ কয়েকজন সদস্য আমার বাসায় এসেছিলেন। কিন্তু আমন্ত্রণপত্র হাতে পেয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। পুরস্কারের জন্য মনোনীত অন্যদের নামের পাশে আমার নামটি ছিল না। শুধু তা-ই নয়, আমন্ত্রণপত্রের কোথাও আমার নাম খুঁজে পাইনি আমি।’ মালা সিনহা আরও বলেন, ‘বিষয়টি আমাকে যার পর নাই মর্মাহত করেছে। একজন শিল্পীর জন্য এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে! আমি বলে বোঝাতে পারব না, বিষয়টি আমাকে কতটা বিচলিত করেছে।’১৯৩৬ সালে নেপালে জন্মগ্রহণ করেন মালা সিনহা। ৫০ থেকে ৭০ দশক পর্যন্ত বলিউডে রাজত্ব করেছেন এ অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি বাংলা ও নেপালি ছবিতেও অভিনয় করেছেন। ‘পিয়াসা’, ‘ধুল কা ফুল’, ‘দিল তেরা দিওয়ানা’, ‘গুমরাহ’, ‘আঁখে’, ‘শহরের ইতিকথা’, ‘লুকোচুরি’সহ শতাধিক ছবিতে অভিনয়নৈপুণ্য দেখিয়েছেন গুণী এ শিল্পী।