
ইট-পাথরের চাপে বিপন্ন নগর, বিপন্ন নগরবাসী। জঞ্জালে পরিণত হচ্ছে ৪০০ বছরের পুরোনো এ নগর। শিল্পী কাজী সালাহউদ্দিনের ক্যানভাসে উঠে এসেছে এই বার্তা। রাজধানী ঢাকার যে নাভিশ্বাস উঠেছে, সে কথাই তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন তিনি।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘অর্গানিক সিটি’ শীর্ষক শিল্পী কাজী সালাহউদ্দিনের ৩৩তম একক চিত্র প্রদর্শনী। তেলরং মাধ্যমে আঁকা এই প্রদর্শনীতে শিল্পীর প্রায় ৩৮টি চিত্রকর্ম ও ১টি স্থাপনা কর্ম রয়েছে।
প্রথমেই জানতে চাই, তুলনামূলকভাবে একক প্রদর্শনীর সংখ্যা এত বেশি হওয়ার কারণ কী? জবাবে শিল্পী বলেন, ‘আমার পেশা, নেশা দুটোই ছবি আঁকা। শিল্পচর্চা ছাড়া পেশাগত জীবনে আমার অন্য কোনো কাজ নেই। তাই আমার আঁকাআঁকির গতি বেশি। এমনও হয়েছে, প্রতিদিন দুটি ছবি এঁকে ফেলেছি।’
শিল্পী জানান, ছবি তুলে বা সরাসরি দেখে ছবি আঁকেন না তিনি। স্মৃতি থেকেই আঁকেন। শিল্পীর বর্তমান বসবাস ধানমন্ডিতে হলেও, স্টুডিও পুরান ঢাকার শ্যামবাজারে। বললেন, পুরান ঢাকার গন্ধমাখা শৈশবের স্মৃতি যেমন তিনি ভুলতে পারেননি, তেমনই ভুলতে পারেননি সেই সময়ের পুরান ঢাকাবাসী কী চেয়েছিলেন। শিল্পী তাঁর গন্ধমাখা শৈশবের স্মৃতি আর চাওয়া-পাওয়ার ছন্দে রঙে-রেখায়-আকারে সেই পুরান ঢাকার কথা ফুটিয়ে তুলেছেন প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে।
পুরান ঢাকার প্রসঙ্গ আসতেই শিল্পী বলেন, আয়তনে নয় বরং চার দশক ধরে ঢাকাকে বড় করার কাজ চলছে। ওপরের দিকেই উঠছে ভবন, পাশাপাশি গা ঘেঁষে। রাস্তার মোড়ে আর বিনোদনপিয়াসী বিলবোর্ডের ঘোরে আকাশ দেখা যায় না। ঢাকাবাসী নিশ্বাস ফেলার জায়গা পাচ্ছে না। নগরায়ণ ব্যক্তি মানুষকে স্বার্থপর করে তুলছে। তিনি ছবি দিয়ে নতুন করে লড়াইটা উসকে দিলেন।
প্রদর্শনীটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।