পুরান ঢাকার জনগোষ্ঠীর কাছে নাটক পৌঁছে দিতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের জন্য আরও একটি আধুনিক মঞ্চ আছে।জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। পুরান ঢাকায়। উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও নানা সমস্যার কারণে মিলনায়তনটি নিয়মিত নাটক মঞ্চায়নের উপযোগী করা যাচ্ছিল না। এবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন হলটিতে নিয়মিত নাটক করার উদ্যোগ নিয়েছে। সপ্তাহে তিন দিন করে চলছে মাসব্যাপী নাটক মঞ্চায়ন। এই আয়োজনের আহ্বায়ক ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা। তাঁর সঙ্গে আজকের সাক্ষাৎকারপ্রায় দুই বছরেরও বেশি সময় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চটি পড়ে ছিল। কেন নাটক মঞ্চায়নের উপযোগী ছিল না মঞ্চটি?তেমন কোনো সমস্যা ছিল না। উদ্বোধনের সময়ই আমরা পক্ষকালব্যাপী উৎসব করেছি এখানে। কিন্তু উৎসব শেষে কোনো নাটকের দল আর এ মঞ্চেত নাটক করেনি। প্রথম দিকে দু-একটি দল চেষ্টা করেছিল, কিন্তু দর্শক কম থাকার কারণে পরে আর কোনো দল আগ্রহ দেখায়নি।এই সময়টিতে আমরা যে বসে ছিলাম তা নয়। ফেডারেশনের পক্ষ থেকে সব সময়ই বিভিন্ন দলকে ওখানে নাটক করার জন্য অনুরোধ করেছি। এ কারণে মিলনায়তনের ভাড়া জাতীয় নাট্যশালার তুলনায় অর্ধেক করা হয়েছে। যাতে কম খরচে নাট্যদলগুলো এখানে নাটক মঞ্চায়ন করতে পারে। কিন্তু তাতেও সফলতা আসেনি। আসলে মূল সমস্যা ছিল দর্শক। দর্শক কম হওয়ার কারণে এ সমস্যা হয়েছে। এবার নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।এবার দর্শকের উপস্থিতি কেমন?৭ অক্টোবর মাসব্যাপী নাটকের মঞ্চায়ন শুরু হয়েছে। ঢাকার প্রথম সারির দলগুলোর জনপ্রিয় নাটকই এখানে হচ্ছে। আপাতত সপ্তাহে তিন দিন করে নাটক চলছে। তবে এখন পর্যন্ত যে দর্শক আহামরি রকমের তা নয়। শুক্রবার দর্শক খুবই ভালো হচ্ছে। পুরান ঢাকায় নাটকের দর্শক আছে। কেননা আজকের ঢাকার প্রসার তো ওখান থেকেই। একসময় পাড়ায় পাড়ায় নাটক তো পুরান ঢাকায়ই বেশি হতো। আমি মনে করি, ঠিকমতো কাজ এগিয়ে নিতে পারলে ঠিকই জহির রায়হান মিলনায়তনে দর্শক আনা সম্ভব।এ জন্য আর কী করছেন?আমরা ফেডারেশনের পক্ষ থেকে প্রচারের ব্যবস্থা করেছি। খবরের কাগজে, বেসরকারি টেলিভিশনে এবং একটু ভিন্নভাবে পুরান ঢাকার পাড়ামহল্লায় নাটক প্রদর্শনীর দিন মাইক দিয়ে প্রচার চালাচ্ছি। এতে কিছু ফলও পাচ্ছি।এই কার্যক্রম কত দিন চলবে?আপাতত তিন মাস আমরা ফেডারেশনের পক্ষ থেকে এই কার্যক্রম চালাব। প্রথমে আমরা বিষয়টিকে একটা পরীক্ষামূলক কাজ হিসেবে দেখছি। আমরা ফেডারেশনের পক্ষ থেকে সপ্তাহে তিন দিন এখানে নাটক করছি। এর বাইরে সপ্তাহে আর যে চার দিন থাকছে, এই দিনগুলোতে ফেডারেশনভুক্ত বা বাইরের যেকোনো দল এখানে নাটক করতে পারে। সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আপাতত আমাদের মূল লক্ষ্য জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রকে নাট্যমঞ্চ হিসেবে পরিচিত করে তোলা। আমারা পুরান ঢাকার বিপুলসংখ্যক জনগোষ্ঠীর দোরগোড়ায় মঞ্চনাটক পৌঁছে দিতে চাই। আপনার দল থিয়েটার আর্ট ইউনিট পুরোটাই তারুণ্যনির্ভর দল। মুক্তিযুদ্ধের নাট্যচর্চায় দলটি বেশ এগিয়ে। বিষয়টিকে কীভাবে দেখছেন?বিষয়টিকে আমি আমাদের দলের গর্ব মনে করি। আর এই সবকিছুরই অবদান আমাদের প্রয়াত নাট্যগুরু এস এম সোলায়মানের। তিনি যে পতাকা আমাদের হাতে দিয়ে গেছেন, সেই পতাকাই আমরা বহন করছি। তাঁর আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাঁর নাটকগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম—সবকিছুই আছে। আর আমি মনে করি, মুক্তিযুদ্ধের নাটক করার সময় এখনই। কেননা, নতুন প্রজন্ম আসছে আর মুক্তিযোদ্ধারা চলে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার কেউ তো থাকছে না। তাই নতুন প্রজন্মকে জানাতে আমাদের এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে।ঢাকার মঞ্চে আপনার সমসাময়িক অনেকেই নির্দেশনা দিচ্ছেন। আপনার খবর কী?দল থেকে কর্মশালাভিক্তিক একটা নাটকের নির্দেশনা দিয়েছি। নাটকটির নাম সুখেরও লাগিয়া। এটি লেখা ছিল আমারই। মূলধারার নাটকের নির্দেশনা দেওয়ার সময়-সুযোগ কোনোটিই এখনো পাইনি। আশা করছি, একসময় মূলধারার নাটকের নির্দেশনা দেওয়ার সুযোগ হয়ে যাবে।