পুরান ঢাকায় রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন হয়ে উঠল রবীন্দ্রময়। তাঁর সৃষ্টিকর্ম আর জীবনদর্শন নিয়ে হলো কথা। সেসব কথার রেশ কাটতে না-কাটতেই নাটক মঞ্চায়ন, নৃত্য আর গানের সুরে ভরে উঠল নতুন এ মিলনায়তন।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি শুরু করেছে। অনুষ্ঠানগুলো শুধু সেগুনবাগিচায় একাডেমীর মিলনায়তনে কেন্দ্রীভূত না করে, সারা শহরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম অনুষ্ঠানটি হলো গতকাল শনিবার পুরান ঢাকার সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে।দুটি পর্বে বিভক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ নেন একাডেমীর পরিচালক মাহমুদ সেলিম ও আবদুল কাদের তালুকদার।দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে নাটকের দল পালাকার মঞ্চায়ন করে রবীন্দ্রনাথের নাটক ডাকঘর। বালক অমলের অসুস্থতা ও তার বন্ধনমুক্ত স্বপ্নের জগতের আকাঙ্ক্ষা, রাজার চিঠির জন্য প্রতীক্ষা এবং পরিশেষে রাজপ্রতিনিধি রাজকবিরাজের আগমনে পার্থিব সব বন্ধন থেকে মুক্তি ডাকঘর নাটকের উপজীব্য। এতে অভিনয় করছেন আমিনুর রহমান, মোহাম্মদ আলী, ফেরদৌসি সুমী, নূরী সাহা, লিয়াকত লিটু, তাহমিদা মল্লিক প্রমুখ।কবির গান শোনার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শকেরা। শুরুতেই সমবেত সংগীত পরিবেশন করেন রবিরশ্মির শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন বিশ্বজিৎ সেন গুপ্ত, মানসী সাধু, অভয়া দত্ত, নন্দিতা সরকার প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘আজি বাংলাদেশের হূদয় হতে’, ‘হূদয়নন্দনবনে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আমি কান পেতে রই’সহ বিভিন্ন গান। ফাঁকে ফাঁকে ছিল গানের সঙ্গে নৃত্য। আজ রোববারও এখানে অনুষ্ঠান হবে। এই কর্মসূচির আওতায় আগামীকাল থেকে রবীন্দ্রসরোবরে দুই দিন, ১৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে, ১৬ জুন উত্তরার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সংগীত ও নৃত্যানুষ্ঠান হবে।