পুরানো সেই দিনের কথা
তাঁরা পাঁচ ভাইবোন। সোহেল রানা সবার বড় আর রুবেল সবার ছোট। ফলে বয়সে বড় ধরনের পার্থক্য যেমন রয়েছে, তেমনি তাঁদের সম্পর্কটায়ও রয়েছে এক ধরনের দূরত্ব। বড় ভাই সোহেল রানাকে এখনো বেশ ভয় পান রুবেল। তাঁর সামনে দাঁড়িয়ে তর্ক করারও সাহস দেখান না এবং চোখে চোখ রেখে কোনো বিষয়ে কথাও বলেন না। ছোটবেলা থেকে এভাবেই দুই ভাই বড় হয়ে উঠেছেন।‘আমার এখনো মনে আছে, ঈদের দিনে নামাজ পড়ার পর মা-বাবাকে সালাম করার জন্য প্রতিযোগিতা লেগে যেত নিজেদের মধ্যে। আমি সালাম না করা পর্যন্ত রুবেল করত না। তবে ও ভীষণ কিপ্টে ছিল। ভাইবোনেরা যখন সালামির টাকা নিয়ে বাইরে থেকে হাওয়াই মিঠাই, আইসক্রিম কিনতাম, তখন রুবেল কিনত না। আমাদেরটাই ভাগ করে খেত। আর ছোট বলে কেউ কিছু বলত না। ওর এই অভ্যাসটা আজও যায়নি।’ বলছিলেন সোহেল রানা।রুবেল অবশ্য ব্যাপারটা সেভাবে দেখেন না। ‘বড় ভাইবোনেরা যেখানে আছেন, সেখানে আমাকে কেন পয়সা দিতে হবে। আমি তো ছোট। তাঁরা সবাই আমাকে দেবেন, আমি সেটাই নেব। আমি কিপ্টে নই, তবে মিতব্যয়ী। এটা তো ভালো গুণ।’ বলছিলেন রুবেল।১৯৭২ সালে সোহেল রানা চলচ্চিত্রে কাজ শুরু করেন। রুবেল তখন নবম শ্রেণীর ছাত্র। ঈদ এল। রুবেল বড় ভাইয়ের কাছে সরাসরি কিছু চাইতে পারেন না। কী করবেন? মাকে গিয়ে সব আবদারের কথা জানালেন। সোহেল রানা জানতে পেরে মুঠোভরে টাকা গুঁজে দিলেন মায়ের কাছে। মাকে বললেন রুবেলকে নিয়ে কেনাকাটা করে দিতে। রুবেল খুব খুশি হয়েছিলেন। সেই খুশি আর আনন্দ দেখে সোহেল রানার চোখ ভিজে আসে।‘ভাইয়া তো আসলে সব বিষয়েই আমাকে সহযোগিতা করতেন। আবার যখন চোখ রাঙাতেন, তখন আমার খবর হয়ে যেত। মানুষটার মধ্যে এত রাগ কোথা থেকে আসত, তা বুঝতে পারতাম না। আমার আবার গান গাওয়ার খুব শখ। একা একাই গান করার চেষ্টা করতাম। ভাইয়াকে বলতে হলো না। মাকে ভাইয়া বললেন, ওর জন্য একজন গানের শিক্ষক রেখে দাও। ভাইয়া কুংফু কারাতে শেখা শুরু করলেন। ওস্তাদ জাহাঙ্গীর আলম তাঁকে প্রশিক্ষণ দিচ্ছেন। একদিন আমি ওস্তাদকে বললাম, আমাকেও শেখাতে হবে। ভাইয়া শোনার পর তারও ব্যবস্থা করলেন। আর যেদিন আমি ব্ল্যাকবেল্ট পেলাম, ভাইয়া সেদিন কী যে খুশি হয়েছিলেন!’ বলছিলেন রুবেল।ঈদের উপহার কে কাকে বেশি দিতেন?অবশ্যই সোহেল রানা দিতেন। তবে রুবেল কৃপণ হলেও দিল্লি থেকে একবার ভাইয়ের জন্য কাপড় নিয়ে এলেন। ‘আমার কাছে মনে হয়েছে, আমার ছোট ভাই নিজের উপার্জিত পয়সায় ঈদে আমাকে যে পোশাকটা দিয়েছে, তাতেই আমি অনেক খুশি হয়েছি। যদিও সেটি ছিল কঠিন শীতের পোশাক, তার পরও বলেছি যে তোর এই উপহারটা আমার পছন্দ হয়েছে। কারণ, তুই আমাকে দিয়েছিস।’ বলছিলেন সোহেল রানা।সোহেল রানার কিছু আক্ষেপ আছে। ‘মা-বাবা মারা যাওয়ার পর এখন আর ভাইবোনদের একাত্মতা নেই। ঈদ ছাড়া কেউ কারও খোঁজ নেয় না। দেশে এখন পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটি আমাকে খুবই কষ্ট দেয়।’ বললেন সোহেল রানা।