পুরো বছরটাই ভালো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন বাপ্পি। পরপর তিন মাসে মুক্তি পেয়েছে তাঁর তিনটি ছবি। হাতে আছে বেশ কয়েকটি ছবি। এসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।
বাপ্পি
বাপ্পি

গেল কয়েক মাসে পরপর তিনটি ছবি মুক্তি পেল আপনার। কেমন লাগছে?
অবশ্যই ভালো লাগছে। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল—তিন মাসে পরপর তিনটি ছবি। এই সময়ে একজন চলচ্চিত্র অভিনয়শিল্পীর জন্য এটা অনেক বড় পাওয়া। শুধু মুক্তিই নয়, ছবিগুলো ভালো ব্যবসাও করেছে।
আপনার সর্বশেষ মুক্তি পেয়েছে সোহেল বাবু পরিচালিত ‘বাজে ছেলে’। এই ছবিতে নামকরা কোনো নায়িকা নেই। তারকা বলতে আপনি।
হুম, নতুনদের সঙ্গে নিয়েই কাজ করেছি। মজার ব্যাপার হলো, এটি দ্বিতীয়; মানে এই সপ্তাহেও প্রায় ৬০টি হলে চলছে। একটা ব্যবসাসফল ছবির তকমা কিন্তু লেগে গেছে এই ছবির গায়ে। এই ছবিতে গল্পের একটা টান টান উত্তেজনা আছে। দর্শক শেষ না করে উঠতে পারবেন না। এ কারণেই সবাই পছন্দ করছেন।
এই সময়ের চলচ্চিত্র নিয়ে আপনি কতটা আশাবাদী?
আমি আশাবাদী। এ বছর শুরু হয়েছে খুব ভালোভাবে। আমার বিশ্বাস, পুরো বছরটাই ভালো যাবে। কারণ, শাকিব ভাই তো কাজ করছেনই। পাশাপাশি শুভ ভাই, সায়মন, আমিসহ সবাই নিয়মিত অভিনয় করছি। আর অনেক তরুণ ও প্রতিভাবান পরিচালক চলচ্চিত্রে আসছেন। তাঁরা তাঁদের মেধা দিয়ে এই শিল্পটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।
এখন কী কাজ করছেন?
এই মুহূর্তে শুটিং করছি শাহ আলম মণ্ডলের সাদা কালো প্রেম ছবিতে। কদিন আগে শেষ করলাম হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানার কাজ। এ ছাড়া আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক