পুরোদমে চলছে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভি কার্যালয়ে   গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর
দেশ টিভি কার্যালয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর

প্রস্তুতি চলছে পুরোদমে। ইতিমধ্যেই সাংসদেরা মহড়া দিয়েছেন। শিগগিরই মহড়া হবে সচিবালয়ে। ওদিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোশাক তৈরির কারখানার শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিচ্ছেন। লাখো কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ নামের এই উদ্যোগের অগ্রগতি সম্পর্কে এসব তথ্য জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি দেশ টিভি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই উদ্যোগটির বিস্তারিত পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রায় এক মাস ধরে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির কাজ চলছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত। তিন লাখের বেশি লোক এতে অংশ নেবেন। সৃষ্টি হবে একসঙ্গে সর্বোচ্চসংখ্যক মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার বিশ্বরেকর্ড। এক লাখ ২২ হাজার মানুষের জাতীয় সংগীত গাওয়ার বর্তমান বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। তবে কেবল নতুন রেকর্ড করারই এই উদ্যোগের মূল লক্ষ্য নয়। মন্ত্রী বলেন, সারা দেশে সবাই যেন সঠিকভাবে জাতীয় সংগীত শিখতে পারে, সে জন্য সঠিক সুরে গাওয়া জাতীয় সংগীতের রেকর্ড শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ঢাকার মূল অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও ওই দিন একই সময়ে সারা দেশের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যেন জাতীয় সংগীত গাইতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই কর্মসূচির মাধ্যমে শুদ্ধ করে জাতীয় সংগীত চর্চার দেশজুড়ে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা নতুন প্রজন্মের মনে দেশাত্মবোধকেও উদ্দীপ্ত করবে। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হবে। এটিই এই বিপুল কর্মযজ্ঞের অন্যতম প্রধান লক্ষ্য।
মন্ত্রী জানান, এই উদ্যোগটির মূল ভাবনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মানবপতাকা তৈরির সময় তিনি লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি ভেবেছিলেন। রাজনৈতিক অস্থিরতার কারণে ডিসেম্বর মাসে এই আয়োজনটি করা সম্ভব হয়নি। এখন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এটি আয়োজন করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় এটি সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় বাস্তবায়ন করছে।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত শুরু হবে বেলা ১১টায়। প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার খোলা হবে ভোর সাড়ে ছয়টায়। সকাল ১০টায় বন্ধ করে দেওয়া হবে। প্রবেশের সময়েই ডিজিটাল পদ্ধতিতে লোকসংখ্যা গণনা হয়ে যাবে। মাঠে ছয় হাজার ব্লক থাকবে। প্রতি ব্লকে ৫০ জন করে লোক থাকবে। গিনেস বুকের নির্ধারিত পর্যবেক্ষকেরা দেখবেন সবাই গাইছেন কি না। জাতীয় সংগীত হিসেবে ‘আমার সোনার বাংলা’ গানটির ১০ লাইন গাওয়া হবে। অংশগ্রহণকারীদের মধ্যে যদি শতকরা পাঁচ ভাগ লোকও গানে কণ্ঠ না মেলান, তবে আয়োজনটি রেকর্ডের জন্য বিবেচিত হবে না। মোট তিনবার গানটি গাওয়ার সুযোগ পাওয়া যাবে। সংগীত পরিচালনা করবেন বিশিষ্ট সুরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ এই আয়োজনে ৪৫ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। এতে অংশ নেবেন দেশের বিশিষ্ট ও নতুন প্রজন্মের খ্যাতিমান শিল্পীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে আগ্রহী যে কেউ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অংশ নিয়ে লাখো কণ্ঠের সঙ্গে নিজের কণ্ঠটি মিলিয়ে দিয়ে অংশ হতে পারবেন এক গৌরবময় ইতিহাসের।