পুরোনো আইরিন ও নতুন আসিফের রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ ও আইরিন ছবি: খালেদ সরকার
আসিফ ও আইরিন ছবি: খালেদ সরকার

আগে দুবার পিছিয়েছে মুক্তি। অবশেষে আগামীকাল মুক্তি চূড়ান্ত হয়েছে এক পৃথিবী প্রেম ছবির। এস এ হক অলিক পরিচালিত এই ছবিটি দেশের প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ নূর ও আইরিন। ছবির মুক্তি উপলক্ষে দুজনের সাক্ষাৎকার নেওয়া হবে। সময় দেওয়ার জন্য গত রোববার প্রথম আলো থেকে যোগাযোগ করা হয় দুজনের সঙ্গে। জানা যায়, দুজনই সিনেমার শুটিংয়ে ঢাকার বাইরে। একজন সিলেটের সুনামগঞ্জে এবং আরেকজন ঢাকার মানিকগঞ্জে। অবশেষে দুজনের সঙ্গে কথা হয় গত সোমবার।
ছবিটি নিয়ে কতটুকু আশাবাদী? আইরিন বলেন, ‘আশাবাদী এই কারণে যে ছবিটির গল্প আসাদের পারিপার্শ্বিক গল্পের সঙ্গে মিলে যায়। সত্যি কথা বলতে কি, এমনই গল্পের ছবি এটি, প্রেক্ষাগৃহে দেখতে বসে দর্শক বিরক্ত হবেন না।’
এ ব্যাপারে আসিফের কথা, সব বয়সের সব মানুষের ছবি এটি। পরিবার নিয়ে দেখার মতো ছবি। আমার বিশ্বাস, কেউ একবার ছবিটি দেখলে তিনি নিজেই তাঁর চারপাশের পরিচিতজনদের ছবিটি দেখতে উৎসাহিত করবেন।’
এই ছবি দিয়েই প্রথম বড় পর্দায় অভিষিক্ত হবেন আসিফ। তাই আলাদা করেই তাঁর কাছে জানতে চাওয়া হয়—অনুভূতি কেমন? চলচ্চিত্রের এই নবাগত বলেন, ‘প্রেক্ষাগৃহে বসে প্রথম বড় পর্দায় নিজেকে দেখব। অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়।’
তবে নিজেকে নিয়ে খানিকটা ভয়ও আছে আসিফের। তিনি বলেন, ‘বড় পর্দায় প্রথম অভিনয়। কীভাবে যে দর্শক আমাকে নেবেন, বুঝতে পারছি না।’
কাকতালীয়ভাবেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়ার কথা জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘আগে থেকেই আমিন খান ও মৌসুমী আপার পরিবারের সঙ্গে পরিচয় ছিল। কিন্তু অভিনয় যে করব, তা কখনোই ভাবিনি। এক রকমের জোরাজুরিতেই তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠানের একটা নাটকে শুটিং করছিলাম। ওই সেটেই অলিক ভাইয়ের সঙ্গে পরিচয় হয়।’
এ নিয়ে চারটি ছবি মুক্তি পাবে আইরিনের। অন্যদিকে একেবারেই নতুন আসিফ। আসিফের বিপরীতে কাজটা কতটুকু সহজ ছিল—এ ব্যাপারে আইরিন বলেন, ‘কাজের সময় আসিফকে নতুন মনে হয়নি। শুটিংয়ের আগেই মাস খানেক গ্রুমিং করানো হয়েছিল। সেখান থেকেই নিজেদের বোঝাপড়ার জায়গাটি তৈরি হয়।’
আসিফের মন্তব্য একই। তিনি বলেন, ‘কাজের সময় আইরিনের সহযোগিতা পেয়েছি। তা ছাড়া গ্রুমিংয়ের সময় বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্বই পুরো শুটিংয়ে কাজের পথটা সহজ করেছে।’
বছর খানেক ধরে ছবিটির শুটিং হয়েছে। এই দীর্ঘ শুটিংয়ে অভিজ্ঞতার কোনো স্মৃতি মনে আছে কি? উত্তরে মজার একটা অভিজ্ঞতার কথা জানান আইরিন। তিনি বলেন, ‘বান্দরবানে একটি গানের শুটিং চলছিল। দৃশ্যটির মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলাম যে নায়কের অংশের গানের অন্তরাও আমি ঠোঁট মিলিয়ে ফেলছিলাম বারবার। এ কারণে বারবার শটটি এনজি হয়েছিল।’
একেবারেই প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানান আসিফ। তিনি বলেন, ‘প্রথম দিন একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। এফডিসির ৩ নম্বর ফ্লোরে বড় সেট ফেলা হয়েছিল। প্রথম দৃশ্যেই ছিল নায়িকা এসে আমার গালে চুম্বন করবেন। ক্যামেরার পেছনে উৎসুক জনতা। ভয়ও পাচ্ছিলাম, লজ্জাও পাচ্ছিলাম। দৃশ্যটি করতে অনেকবার টেক নিতে হয়েছিল।’
এক পৃথিবী প্রেম ছবিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত, শর্মিলা আহমেদ, সাদেক বাচ্চু, তুষার খান প্রমুখ।