পুরোনো দিনগুলো মিস করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিন আহমেদ
হামিন আহমেদ

তারকা হওয়ার আগে আগে আমাদের প্রায়ই ঈদ উদ্যাপন করা হতো ফরিদপুরে নানাবাড়িতে। ওখানে আমাদের খালা-মামারা সবাই আসতেন। কাজিনরা মিলে অনেক বড় একটা পরিবার। তবে সবচেয়ে বেশি মজা হতো ঈদে নানাবাড়ি যাওয়ার সময়টাতে। নানাবাড়িতে যাওয়ার আনন্দে আগের রাতে ঘুমাতে পারতাম না। নানাবাড়িতে যাওয়ার পথে আমাদের তিনটা ফেরি পার হতে হতো। আর তাই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে যেতে হতো। পুরো ফেরিপথে ভ্রমণের আনন্দটা আমরা বেশ উপভোগ করতাম। ফরিদপুরের মিষ্টির খুব সুনাম ছিল। ঈদের সময় সবাই বাড়িতে যাবেন—এই কারণে নানি বাসায় তাঁর ছেলেমেয়েদের জন্য অনেক ধরনের মিষ্টি এনে রাখতেন। কিন্তু আমরা কাজিনরা এত বেশি দুষ্টু ছিলাম যে মামা-খালাদের জন্য আনা মিষ্টি নিজেরাই সাবাড় করে ফেলতাম। এসব দুষ্টামি নিয়ে বেশ মজা হতো। ঈদে সালামি নেওয়াটা অনেক বেশি আনন্দের ছিল। কাজিনদের মধ্যে কে কত বেশি সালামি পেয়েছে, এটাও বাড়তি আনন্দের একটা ব্যাপার ছিল। অবশ্য নানা-নানি মারা যাওয়ার পরও এই রীতিটা বেশ কিছুদিন চালু ছিল। পুরোনো সেই দিনকে অনেক বেশি মিস করি। সময়ের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এখন নিজেদের বাচ্চাদের মধ্যেই আনন্দটা খোঁজার চেষ্টা করি। আগে নিজে ঈদের সালামি নিয়ে আনন্দ পেতাম আর এখন সন্তানদের সালামি দিয়ে আনন্দ পাই। তবে ইদানীং ঈদের মধ্যে খুবই কাছের বন্ধুবান্ধব এবং আত্মীস্বজনের বাসায় আড্ডা দেওয়া হয়।