পুরোনো দিনের গান নিয়ে বাদশা বুলবুল
বাদশা বুলবুলের সর্বশেষ একক অ্যালবাম বেরিয়েছিল ২০০৭ সালে। এটিএন মিউজিক থেকে বেরোনো ওই অ্যালবামটির নাম ছিল ‘অন্তরে’। গত তিন বছর তাঁর কোনো অ্যালবাম বাজারে আসেনি। তিনি প্রায় দুই বছর ধরে কাজ করছেন পুরোনো দিনের বেশ কিছু জনপ্রিয় গান নিয়ে। এবার সেটি অ্যালবাম আকারে বাজারে আসছে। এরই মধ্যে সবগুলো গান চূড়ান্ত করে ফেলা হয়েছে। অ্যালবামটিতে স্থান পাচ্ছে এপার-ওপার বাংলার বিখ্যাত কিছু শিল্পীর গান। তাঁরা হলেন আবদুল জব্বার, কিশোর কুমার, মান্না দে, প্রয়াত খালিদ হাসান মিলু, সুবীর সেন, সতীনাথ মুখোপাধ্যায়। অ্যালবামে মোট গান থাকছে ১০টি। গানগুলো হচ্ছে কফি হাউস, দ্বীপ ছিল শিখা ছিল, নীলা তুমি আবার এসো ফিরে, এত সুর আর এত গান, আকাশ কেন ডাকে, তারা ভরা রাতে, সেদিন আকাশে ছিল তারা, এ কি হলো কি যে হলো, বনতল ফুলে ফুলে ঢাকা, হয়তো তোমারই জন্য। বাদশা বুলবুলের নিজের স্টুডিওতে প্রায় দুই বছর ধরে নতুন অ্যালবামটির কাজ করছেন। এটি হচ্ছে শিল্পীর ১৯তম একক এবং পুরোনো দিনের গান নিয়ে প্রথম প্রকাশিতব্য অ্যালবাম। এ প্রসঙ্গে বাদশা বুলবুল বলেন, এসব সিনিয়র শিল্পীর প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা এবং তাঁদের গানের কথা ও সুর অবিকল রেখে বর্তমান সময়োপযোগী করে গানগুলো তৈরি করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি গান চূড়ান্ত করে ফেলা হয়েছে। এ ধরনের অ্যালবামের প্রতি আগ্রহের কারণ হিসেবে তিনি বলেন, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে গান করতে গিয়ে পুরোনো দিনের অনেক গানের অনুরোধ পেতাম। দেশে এবং দেশের বাইরে অনেক ভক্ত প্রায়ই পুরোনো দিনের কিছু গান নিয়ে অ্যালবাম তৈরির কথাও বলতেন। মূলত ভক্তদের কথা মাথায় রেখেই এ ধরনের অ্যালবাম করার আগ্রহ দেখাই। তা ছাড়া মনে মনে আমার নিজেরও একটা ইচ্ছা ছিল পুরোনো দিনের গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করার। এখন সেটা হতে যাচ্ছে ভেবেই ভালো লাগছে। এখনো পর্যন্ত নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামটি সামনের ঈদেই শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন বলে জানান শিল্পী নিজেই।