পুরোনো-নতুন সব ছাপচিত্র নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর চিত্রশালার গ্যালারিতে শোভা পাচ্ছে পুরোনো-নতুন সব ছাপচিত্র। দেশের নানা প্রান্তের সংগ্রহশালা ও ব্যক্তি সংগ্রাহকদের কাছ থেকে এগুলো আনা হয়েছে। বাংলাদেশের মুক্তিসংগ্রামসহ সব ধরনের আন্দোলন-সংগ্রামে এই ছাপচিত্রের বহুল ব্যবহার লক্ষ করা গেছে। প্রদর্শনী উদ্বোধনের সময় শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ মনে করিয়ে দিয়েছেন, ১৯৭১ সালে ইয়াহিয়ার যে দানবীয় মুখটি কামরুল হাসান এঁকেছিলেন, সেটিও ছিল একটি ছাপচিত্র।
গতকাল দুপুরে চিত্রশালায় ‘শেষ থেকে শুরু’ নামের এক প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী রফিকুন নবী, স্পেনপ্রবাসী বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, শূন্য আর্ট স্পেসের প্রধান নির্বাহী জাফর ইকবাল।
এ আয়োজনের মধ্য দিয়ে দেশের ছাপচিত্রচর্চার পূর্বাপর বৃত্তান্ত শিল্পরসিকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। দর্শনার্থী ও ছাপচিত্রের শিক্ষার্থীদের দেখানোর জন্য একটি ছাপযন্ত্রও আনা হবে। জাফর ইকবাল জানান, এই আয়োজনের এটি প্রথম পর্ব। এতে প্রায় দেড় শ ছাপচিত্রীর দুই শতাধিক কাজ পর্যায়ক্রমে দেখানো হবে।