পুলকের সুরে গাইলেন সাবিনা ইয়াসমীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের স্টুডিওতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে পুলক অধিকারী
ছবি : ফেসবুক থেকে

শিল্পীর জীবনেও এমন দিন আসে, যা তাঁরা কখনো ভুলতে পারেন না। আজীবন সেই ঘটনা স্মরণীয় হয়ে থাকে। তরুণ শিল্পী পুলক অধিকারীর জীবনেও ঘটল সে রকম এক ঘটনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে সংগীত পরিচালক সুমন কল্যাণের স্টুডিওতে তাঁর দেখা হয় দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের সঙ্গে। এই স্টুডিওতে তিনি পুলকের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে সাবিনা ইয়াসমীনের সহশিল্পীও ছিলেন পুলক অধিকারী।সাবিনা

সাবিনা ইয়াসমীন
ছবি : সংগৃহীত

সাবিনা ইয়াসমীনের সঙ্গে পুলকের গাওয়া ‘জনতার পুলিশ’ গানটি লিখেছেন কবির বকুল। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সাবিনা ইয়াসমীনের সঙ্গে এর আগে চলচ্চিত্রে গান করার সৌভাগ্য হয়েছিল পুলকের। প্রয়াত ফরিদ আহমেদ ছিলেন ওই গানের সংগীত পরিচালক। কিন্তু সেই গানের রেকর্ডিং একই দিনে না হওয়ায় সাবিনা ইয়াসমীনের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি পুলকের। এ নিয়ে একটা আফসোস তাঁর রয়েই যায়।

পুলক অধিকারী
ছবি : সংগৃহীত

আজ শুক্রবার দুপুরে নতুন এ গানের সূত্রে কথা হয় সাবিনা ইয়াসমীনের সঙ্গে। তরুণ প্রজন্মের গায়ক ও সুরকার পুলকের প্রসঙ্গ উঠতেই সাবিনা ইয়াসমীন বললেন, ‘আমি তো বরাবরই নতুনদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আমরা আমাদের সময়ে একরকমভাবে কাজ করেছি। এরপর আমাদের পরের প্রজন্মের অনেক গায়ক ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি মনে করি, নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুনদের চিন্তাভাবনাও বোঝা যায়। নতুনদের সঙ্গে কাজ করে আমি তো নতুন অনেক কিছু শিখতেও পারি। সবকিছু মিলে সুন্দর একটা গান হয়েছে। পুলকের সুরও খুব ভালো হয়েছে।’

স্টুডিওতে গান রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমীন, কবির বকুল ও পুলক অধিকারী
ছবি : সংগৃহীত

সাবিনা ইয়াসমীন জানালেন, কথার সঙ্গে মিল রেখেই সুন্দর একটা সুর করেছেন পুলক। নতুনদের সঙ্গে কাজ করার পাশাপাশি নতুনদের গানও শোনেন তিনি। পুলকের প্রশংসা করে সাবিনা বলেন, ‘সে তো খুব ভালো গায়। গতকালই সামনাসামনি পুলককে দেখলাম। খুবই ভদ্র ছেলে। তাঁর সুরে গানটি করে আমারও ভালো লেগেছে। ওর জন্য মন থেকে শুভকামনা।’

সাবিনা ইয়াসমিনের সঙ্গে স্টুডিওতে সংগীত পরিচালক সুমন কল্যাণ
ছবি : সংগৃহীত

সাবিনা ইয়াসমীনের সঙ্গে গান করার সুযোগ পেয়ে ভীষণ রোমাঞ্চিত তরুণ এই গায়ক ও সুরকার পুলক অধিকারী। এটিই সংগীতজীবনে তাঁর অন্যতম বড় অর্জন। তিনি বলেন, ‘বিশেষ কিছু ঘটনার জন্য আমাদের সবার জীবনে কিছু কিছু দিন ভীষণ স্পেশাল হয়ে ওঠে। আমার জীবনেও তেমন একটা দিন ছিল গতকাল। বিশেষ বলছি কারণ, একটি বিশেষ গানে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমীন ম্যামের সঙ্গে গাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আরও বেশি ভাগ্যবান, এই গানের সুরও করেছি আমি। আমার সুরে সাবিনা ম্যাম গাইছেন, ভাবতেই গা শিউরে উঠছে।’

পুলক অধিকারী
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে কাজ প্রসঙ্গে পুলক বলেন, ‘এখন সিনিয়রদের জন্য গান কমই করা হয়। আমার ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয় ওনাদের জন্য গান সুর করব এবং তাদের গাইতে অনুরোধ করব। আর কবির বকুল ভাইকে বিশেষ কৃতজ্ঞতা। তার সঙ্গে কাজের সুযোগ হচ্ছে। সুরের ব্যাপারে আমার ওপর আস্থা রাখার জন্যও অনেক অনেক কৃতজ্ঞতা। তিনি আমাকে সুরকার হতে খুব সাহায্য করছেন, যেটা হওয়া আমার স্বপ্ন।’ বাংলাদেশ পুলিশের সার্বিক তত্ত্বাবধানে নির্মিতব্য ‘জনতার পুলিশ’ গানটি প্রকাশিত হবে শিগগিরই।