পুলিশ অফিসার নিপুণ
এর আগে বড় ভাই জিন্দাবাদ ছবিতে প্রথম পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন নিপুণ। তবে সে সিনেমায় অল্প কয়টা দৃশ্য ছিল। আর গরীবের দাম অনেক বেশী সিনেমায় তাঁকে একেবারে প্রথম থেকেই পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে। বলছিলেন নিপুণ। শচীন দেবের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন মো. আসলাম। ছবিতে নিপুণের বোন হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ এও বলেন, ‘এটি পূর্ণিমা আপুর সঙ্গে আমার প্রথম ছবি। তাই তাঁর সঙ্গে কাজ করতে পেরে খুব ভালোও লাগছে। এমনিতে উনি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। ছবিটিতে কাজ করতে এসে পূর্ণিমা আপুর কাছ থেকে নতুন অনেক কিছু শিখতে পারছি। উনি আমাকে বিভিন্ন বিষয়ে যথেষ্ট সহযোগিতাও করছেন। ছবিটিতে কাজ করতে এসে আমাকে যথেষ্ট “ফাইট” করতে হয়েছে। যা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।’নিপুণ আরও বলেন, ‘আমি এ পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি প্রায় সবগুলোতে মারামারির দৃশ্য ছিল। কিন্তু গরীবের দাম অনেক বেশী ছবিতে আমাকে ফাইটের জন্য অভিনয় জীবনের সবচেয়ে বেশি কষ্টটাই করতে হচ্ছে। তবে এ কাজে পরিচালক আমাকে সব সময় সহযোগিতা করছেন। আশা করি, সবকিছু মিলে ছবিটিতে দর্শকেরা আমাকে নতুন করে দেখতে পাবে।’