পুলিশ স্টেশনে সালমান-ভক্তদের তাণ্ডব
ভারতের কানপুরের বাজারিয়া পুলিশ স্টেশনে সম্প্রতি ধুন্ধুমার সব কাণ্ড ঘটিয়েছেন সালমান খানের ভক্তরা। প্রিয় তারকার আগমনের গুজবে সেখানে জড়ো হয়েছিল বহু সংখ্যক সালমান-ভক্ত। কিন্তু কিছুক্ষণ পরে সালমান আসছেন না জানার পর তারা উন্মত্ত আচরণ করতে থাকে। একপর্যায়ে পুলিশ স্টেশনেও হামলা চালায় তারা। পরিস্থিতি সামাল দিতে ও উচ্ছৃঙ্খল ভক্তদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক খবরে জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। এ প্রসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভরত সিং বলেন, ‘সালমান আসবেন—এমন খবর জেনে পুলিশ স্টেশনের সামনে ভিড় করতে থাকে অসংখ্য মানুষ। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। একপর্যায়ে ওই লোকজন উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে লাঠিপেটা করতে বাধ্য হয় পুলিশ। সেখানে উপস্থিত ছিল এমন অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি আমরা।’সালমান-ভক্তদের এমন কীর্তি এবারই প্রথম নয়। এর আগে সালমানের এক ভক্ত হত্যার মতো অপরাধ ঘটিয়েছিলেন প্রিয় তারকার কাছে তাঁর ঋণ শোধের অজুহাতে। আর এমনটা করতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন সালমান অভিনীত ‘ওয়ান্টেড’ ছবিটি দেখার পর।