পুলিশের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা

সৃজনশীল ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে ত্বরান্বিত করতে পুলিশের জন্যও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে পুলিশ সদস্যদের ভেতরের প্রতিভা বিকাশের পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন আরও সহজ হবে। এ বছরই প্রথমবারের মতো প্রাথমিক স্কুল-পড়ুয়া শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
গত বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির চিত্রশালার সেমিনার কক্ষে প্রাথমিকের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার তথ্য জানাতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই পুলিশ সদস্যদের সাংস্কৃতিক প্রতিযোগিতার পরিকল্পনার কথা জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। তিনি বলেন, পুলিশ জনগণের সব থেকে কাছাকাছি অবস্থান করে। এ ধরনের প্রতিযোগিতার ফলে জনগণের সঙ্গে মিশতে ও তাঁদের মানসিকতা বোঝার ক্ষেত্রে পুলিশ সদস্যরা সাংস্কৃতিকভাবে আরও অগ্রসর হতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব গৃহীত হলে শিগগির পুলিশের সাংস্কৃতিক প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলায় চলছে শিশুদের প্রতিযোগিতার আয়োজন। গতকাল শুক্রবার ১১টি বিষয়ে ৯১০ জন প্রতিযোগী এতে অংশ নেয়। বিকেলে অংশগ্রহণকারী শিশুদের হাতে সনদ তুলে দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।