পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা অপূর্ব!
‘এর আগে শহীদুজ্জামান সেলিম ভাইয়ের একটি নাটকে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা হিসেবে কাজ করেছিলাম। সেটি ছিল একজন সাধারণ অফিসারের। কিন্তু এবারের নাটকটিতে অনেক ভিন্নতা রয়েছে’, বলছিলেন অভিনেতা অপূর্ব। নাটকটির নাম ‘রান’। এ মাসের ২৯ তারিখ থেকে অপূর্ব এ নাটকটির শুটিংয়ে অংশ নেবেন। রান নামের এ নাটকটি লিখেছেন অনিকেত এবং পরিচালনা করবেন এম আর মিজান। পুরো নাটকটির শুটিং ব্যাংককে হবে বলে জানান অপূর্ব। এ জন্য এরই মধ্যে ব্যাংককের কর্তৃপক্ষের কাছ থেকে সব ধরনের অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।রান নাটকে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক দেখানো হবে। অপূর্ব এ নাটকে প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। নাটকটিতে চলচ্চিত্রের একটি আবহ থাকবে বলেও তিনি জানান। অপূর্ব আরও বলেন, ‘রান নাটকের মাধ্যমে দর্শকেরা নতুন করে আমাকে খুঁজে পাবেন।’অপূর্ব বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগেই ফারিয়া হোসেনের রচনা ও মাহবুবা ইসলাম সুমীর পরিচালনায় ‘চেনা মন অচেনা’ নামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। সিঙ্গাপুরে টেলিছবিটির বেশ কিছু দৃশ্য চিত্রায়িত হয়। চেনা মন অচেনায় তিনি চিত্রনায়িকা নিপুণের বিপরীতে কাজ করেন।এদিকে কাল সোমবার থেকে অপূর্ব শিহাব শাহীনের ‘অ্যাংকর মফিজ’ নামের একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেবেন। এতে অপূর্ব স্বনামেই অতিথি চরিত্রে অভিনয় করবেন। এর পাশাপাশি অরণ্য আনোয়ারের ‘অপূর্বর সঙ্গে তাঁহাদের মধুচন্দ্রিমা’ নামের একটি নাটকে শিগগিরই কাজ শুরু করবেন বর্তমান সময়ের এ আলোচিত অভিনেতা।