পুলিশের সঙ্গে অসদাচরণে হাতকড়া রিজের
সম্প্রতি ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণের জন্য হাতকড়া পরতে হয়েছিল মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক রিজ উইদারস্পুনকে। শুধু হাতকড়াই নয়, গ্রেপ্তার হয়ে কয়েক ঘণ্টার জন্য জেলেও যেতে হয়েছিল তাঁকে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।১৯ এপ্রিল শুক্রবার রাতে রাস্তায় লেন না মানার অভিযোগে ট্রাফিক পুলিশ রিজ উইদারস্পুনের গাড়ি থামিয়েছিল। এ সময় গাড়ি চালাচ্ছিলেন লিজের স্বামী জিম টোথ। গাড়ি থামানোর পর বাগবিতণ্ডায় জড়ালে একপর্যায়ে রিজকে গ্রেপ্তার করে হাজতে পাঠায় পুলিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান এই অভিনেত্রী। পুলিশের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, রাস্তায় লেন না মানায় লিজ উইদারস্পুনের গাড়ি আটক করে ট্রাফিক পুলিশ। এ সময় গাড়ির চালক জিম টোথ মদ্যপ ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখতে চাইলে বাধা দেন রিজ। জানালা দিয়ে গলা বাড়িয়ে তিনি পুলিশকে ধমকাতে শুরু করেন। পুলিশ তাঁকে গাড়ির মধ্যে চুপ করে বসে থাকতে নির্দেশ দিলে রেগে যান রিজ। পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশকে রিজ ধমক দিয়ে বলেন, ‘আমি কে, জানিস?’ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে হাতকড়া পরাতে চাইলে তিনি বাধা দেন। পরে অবশ্য মুচলেকা দিয়ে ও অসদাচরণের জন্য ক্ষমা চেয়ে ছাড়া পান এ দম্পতি।মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেলেও আজ ২২ এপ্রিল আদালতে উঠেছে রিজের অসদাচরণের এই মামলা।