পুষ্পবৃষ্টিতে শতায়ু বিপ্লবীকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকারে মানুষটি তেমন বড় নন। স্পষ্টভাষী, দৃঢ়চিত্ত, লক্ষ্যে অবিচল। স্বাধিকার ও মানবমুক্তির সংগ্রামের প্রতিটি পর্বে যিনি ছিলেন বরাভয়; শতবর্ষ পেরিয়েও দীপ্তকণ্ঠ তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায়। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে তিনি প্রবেশ করলেন তুমুল করতালি আর পুষ্পবৃষ্টিতে সিক্ত হয়ে। মঞ্চে জ্বলে উঠল ১০৪টি মোমবাতি, তাঁর ১০৪তম জন্মবার্ষিকীর প্রতীক হয়ে। নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধায় সমবেতরা বরণ করে নিলেন তাঁকে। তিনি বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী।বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী নিজেই একটি ইতিহাস, একজন জীবন্ত কিংবদন্তি। তাঁর ১০৪তম জন্মবার্ষিকী ছিল ১০ জানুয়ারি। প্রথম যৌবনে মাস্টারদা সূর্যসেনের সহযাত্রী হিসেবে ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতাসংগ্রামে শামিল হয়ে অর্জন করেছেন আপন অঙ্গীকার ও কর্তব্যে অটল থাকার শিক্ষা। প্রামাণ্যচিত্র নির্মাণপ্রতিষ্ঠান ডকুফ্রেম গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরের মঞ্চে তাঁর জন্মবার্ষিকী উদ্যাপনের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল তাঁর ওপর নির্মিতি প্রামাণ্যচিত্র সূর্যসাথীর বিশেষ প্রদর্শনী। শিশুদের সমবেত নৃত্য-গীতে প্রবীণ বিল্পবীকে স্বাগত জানানো হয়। তাঁর হাতে ফুল, উত্তরীয়, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামল লোহানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, কবি বেলাল মোহাম্মদ প্রমুখ।জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশের যে অবস্থা, তাতে মনে হয় আমরা অমানুষ হয়ে গেছি। আমাদের মানুষ হতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের এই অবস্থা থাকবে না। আবার আমরা মানুষ হব। আসুন দেশকে এগিয়ে নিই।’আলোচনার পর ছিল তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র সূর্যসাথীর প্রদর্শনী। সেলিম আল দীন স্মরণোৎসবনাট্যাচার্য সেলিম আল দীনের পঞ্চম প্রয়াণ দিবস ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৩’-এর আয়োজন করে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর ‘মৃৎমঞ্চে’ সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে স্বপ্নদলের ফেস্টুনে লেখা স্মৃতি মঞ্চস্থ হয়। বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে ছিল ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নির্দেশকের দৃষ্টিতে’ শীর্ষক বিশেষ আলোচনা ও নাটক।