পুসান উত্সবে ফারুকীর ‘টেলিভিশন’
‘এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উত্সব পুসান-এ অন্তর্ভুক্ত হলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘টেলিভিশন’। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি এক স্মরণীয় ঘটনা। আমাদের চলচ্চিত্রের এমন দুর্দিনে এটি আনন্দের সংবাদ। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে নয়, একজন নির্মাতা হিসেবে মনে করি, এভাবেই একদিন ফারুকীর মতো তরুণ নির্মাতারা বাংলাদেশি চলচ্চিত্রের দুর্দিন দূর করবে।’ বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হাননান। ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ছবির অন্তর্ভুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহম্মদ হাননান। সংবাদ সম্মেলনে ‘টেলিভিশন’ ছবির আন্তর্জাতিক ট্রেলার উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘টেলিভিশন’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, চিত্রনাট্যকার আনিসুল হক, অভিনয়শিল্পী মোশাররফ করিম, তিশা, চঞ্চল চৌধুরী, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ প্রমুখ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক হাবিবুর রহমান খান, নির্মাতা মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, গোলাম রাব্বানী বিপ্লব, গিয়াসউদ্দীন সেলিম, মেজবাউর রহমান সুমন, এনামুল করিম নির্ঝরসহ অনেকে। আগামী ১৩ অক্টোবর পুসান চলচ্চিত্র উত্সবের সমাপনী দিনে প্রদর্শিত হবে ফারুকীর ‘টেলিভিশন’। এ নিয়ে বেশ আনন্দিত তিনি। সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, ‘পুসান চলচ্চিত্র উত্সবের সমাপনী দিনে বিশ্বের অনেক নামকরা পরিচালকের ছবির সঙ্গে বাংলাদেশের ‘টেলিভিশন’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে। নির্মাতা হিসেবে এটি আমার জন্য সম্মানের।’ফারুকী আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়ার নির্মাতা ও পুসান চলচ্চিত্র উত্সবের সঙ্গে সম্পৃক্ত কিম কিজুকির মতে, বাংলাদেশের তরুণেরা চেষ্টা করছেন নতুন একটা ধারা তৈরির। তাঁর মতো নির্মাতার কাছ থেকে এ ধরনের মতামত পাওয়া আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বিশাল ব্যাপার।’ ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হবে আগামী ৪ অক্টোবর। উত্সবে এবার ৭৫টি দেশের মোট ৩০৪টি ছবি প্রদর্শিত হবে। ‘টেলিভিশন’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উত্সবের এবারের আয়োজন। ‘টেলিভিশন’-এর মুক্তির ব্যাপারে ফারুকী জানান, নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তার আগে সামনের অক্টোবরে এ ছবির অডিও অ্যালবাম প্রকাশিত হবে বলে জানান তিনি। মুক্তির আগেই ‘টেলিভিশন’ জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। এ পুরস্কারের তালিকায় ফারুকীর ‘টেলিভিশন’-এর সঙ্গে ছিল ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের ‘দ্য গার্ডেনার’ ও জাপানি পরিচালক আতসুশি ফুনহাসির ‘আন্ডার দ্য চেরি ট্রি’।‘টেলিভিশন’ ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ অনেকে।ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ ছবিটি এর আগে গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার জেতে।