এবার ঈদ মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার জন্য একটু অন্য রকম হবে। কারণ মাত্র তাঁরা টেলিভিশন নিয়ে ঘুরে এলেন দক্ষিণ কোরিয়ার পুসান থেকে। সঙ্গে নিয়ে এলেন অনেক প্রশংসা আর অভিনন্দন। সেই সব অভিজ্ঞতা নিয়ে কথা হলো এই দম্পতির সঙ্গে সোমবার দুপুর। মুঠোফোনে কথা হলো মোস্তফা সরয়ার ফারুকী আর তিশার সঙ্গে। তাঁরা তখন সিঙ্গাপুরে। দক্ষিণ কোরিয়ার পুসান থেকে ফিরছেন। মাঝে ১৮ ঘণ্টা যাত্রাবিরতি। তারই ফাঁকে দুজন হাঁটছেন সিঙ্গাপুরে একটি নদীর ধারে। জানালেন রাত সাড়ে ১০টা নাগাদ ঢাকায় এসে পৌঁছুবেন। পরদিন সকাল ১০টা ৪০ মিনিটে তিশার ফ্লাইট। তিশা যাবেন কক্সবাজারে, শুটিংয়ে। চূড়ান্ত হলো মঙ্গলবার সকালেই কথা হবে তাঁদের দুজনের সঙ্গে, পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিয়ে। সময় সকাল সাড়ে সাতটা; বনানীতে, ফারুকী ও তিশার ফ্ল্যাটে।আগেই জানা গেছে, ১৩ অক্টোবর ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ফারুকীর টেলিভিশন ছবির প্রদর্শনী হয়েছে। পুসান সিনেমা সেন্টারে সেদিন ছয় হাজার দর্শক একসঙ্গে বসে দেখেছেন ছবিটি। পুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয় না, প্রতিযোগিতা হয় প্রথম ছবি বানিয়েছেন, কেবল তেমন পরিচালকদের ছবির মধ্যে। সেদিনও পুরস্কার ঘোষিত হয়েছে। কিন্তু বিজয়ীরা নন, সমাপনী অনুষ্ঠানের ছবি টেলিভিশন আর তার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্পী তিশা হলেন এদিনের মূল আকর্ষণ। প্রদর্শনী শেষ হওয়ার পর দর্শকেরা একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁদের। প্রদর্শনীর সময় ফারুকীর ঠিক পেছনেই বসেছিলেন দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট পরিচালক কিম কি-দুক। ফারুকীর ভাষায়, ‘সেই ২০০০ সাল থেকে আমরা তাঁর ছবি দেখেছি আর ভেবেছি, কে এই লোক? আজ তিনিই আমার ছবি দেখছেন!’ ভীষণ মেজাজি বলে তাঁর ‘দুর্নাম’। ফারুকীর বুক ঢিপ ঢিপ করছে, কী বলবেন তার প্রিয় পরিচালক। ছবি শেষে ভাঙা ইংরেজিতে কিম কি-দুক তাঁকে বললেন, ‘গুড ফিলিম।’ আরও বললেন, ‘আমি তোমার হাস্যরস খুব পছন্দ করেছি। বাংলাদেশে এই রকম ছবিও হয়!’ প্রশংসা করলেন ইরানের পরিচালক মহসেন মাখমালবাফও। ফারুকীকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন। ফারুকী বললেন, ‘তুমি জানো বাংলাদেশে তোমার কত ভক্ত!’ মাখমালবাফ বললেন, ‘এখন তোমার সময়। আমি কি আমার সন্তানের সঙ্গে প্রতিযোগিতায় পারব?’ফারুকী জানালেন, শনিবার স্থানীয় সময় বিকেল পৌনে ছয়টায় তাঁদের নিয়ে যাওয়া হয় পুসান সিনেমা সেন্টারে। রেড কার্পেটে তাঁরা হেঁটেছেন সাতটা ১৪ মিনিটে। ওই সময় তাঁদের অনুভূতি কেমন হয়েছিল? ফারুকী বললেন, ‘প্রচণ্ড মানসিক চাপ অনুভব করছিলাম।’এ সময় তিশার পরনে ছিল সাদা নেটের শাড়ি, ভেলভেটের ব্লাউজ। তিশার জন্য এই শাড়ির নকশা করেছিলেন গৌতম সাহা। আর ফারুকীর পরনে ছিল তাঁর চিরচেনা পোশাক।সমাপনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ফারুকী বললেন, ‘সারা দুনিয়ায় টেলিভিশন সিনেমাকে ধ্বংস করছে। কিন্তু বাংলাদেশে টেলিভিশন নতুন চলচ্চিত্র নির্মাতা তৈরিতে সাহায্য করছে। আমাদের দেশে অনেক সম্ভাবনাময় নির্মাতা আছেন। তাঁরা কাজ করছেন। আমার বিশ্বাস, আগামী তিন থেকে পাঁচ বছরে আমাদের তরুণ নির্মাতাদের কাছ থেকে আপনারা অনেক ভালো ছবি পাবেন।’ এবার তিশার অনুভূতি শোনার পালা। তিশা বললেন, ‘আমি স্বপ্নেও কখনো এত দর্শকের কথা ভাবতে পারিনি। তাও আবার বিভিন্ন দেশের। তাঁরা আগেই আমার নাম জেনে গেছে। আমার নাম ধরে চিৎকার করছে। কেউ কেউ আমার সঙ্গে হাত মেলাচ্ছে। সে এক অভাবনীয় দৃশ্য। কত যে অটোগ্রাফ দিয়েছি, তার কোনো হিসাব নেই। প্রদর্শনী শেষে তো দর্শকদের মাঝ থেকে আমাকে বের করার জন্য নিরাপত্তার লোকজনকে আসতে হয়েছে।’সেদিন রাত দেড়টার দিকে পুসান সমুদ্রসৈকতে হাঁটছিলেন ফারুকী, তিশা, আবু শাহেদসহ আরও কয়েকজন। উৎসবের ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে প্রতিযোগিতা করেছে আবু শাহেদের স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য কনটেইনার। পুসানে যাওয়ার সময় ফারুকী সঙ্গে নিয়ে গিয়েছিলেন অমিতাভ রেজা, মেজবাউর রহমান, অনিমেষ আইচ, আলভি আহমেদ, আশুতোষ সুজন ও কিবরিয়ার টেলিছবি। আর তা দেখিয়েছেন ওখানে আসা সাংবাদিকদের। ফারুকী বললেন, ‘বাংলাদেশের নির্মাতাদের কাজের ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্যই নিয়ে গিয়েছিলাম কাজগুলো।’ফারুকী আর তাঁর টেলিভিশন নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ছিল গণমাধ্যমগুলোতেও। হলিউড রিপোর্টার শিরোনাম করেছে, ‘টেলিভিশন বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা করছে।’ এএফপির শিরোনাম, ‘বাংলাদেশের পরিচালক পুসান আলো করেছে টেলিভিশন দিয়ে।’পুসান ঘুরে আসার পর কী ভাবছেন ফারুকী? বললেন, ‘আমাদের চলচ্চিত্রকে নিয়ে আমি আরেকটু অন্য রকমভাবে এগোতে চাই। আমি তরুণ নির্মাতাদের ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি চলচ্চিত্রে আমাদের নিজেদের একটা গল্প বলার ভঙ্গি তৈরির চেষ্টা করব।’এরই মধ্যে তিশার ফ্লাইটের সময় হয়ে গেছে। তার আগে ছবি তুলতে হবে। তাই আড্ডা শেষ করতে হলো এখানেই।