পুসান প্রমোশন প্ল্যানে ফারুকীর ‘টেলিভিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর দক্ষিণ কোরিয়ার পুসান প্রমোশন প্ল্যানের (পিপিপি) আওতায় নির্বাচিত ২৭টি ছবির নাম প্রকাশ করেছে পুসান চলচ্চিত্র উত্সব কর্তৃপক্ষ। তালিকায় জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবির পাণ্ডুলিপি। ছবিটি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। একই তালিকায় আছে তাইওয়ানের কিংবদন্তি পরিচালক সাই-মিং লিয়াং, হংকংয়ের অক্সাইড পাং এবং ১৯৯৩ সালে বার্লিন উত্সবে স্বর্ণ ভালুকজয়ী নির্মাতা জিই ফেইসহ এশিয়ার খ্যাতনামা বেশ কয়েকজন নির্মাতার ছবি। পুসান প্রমোশন প্ল্যান মূলত শিল্পমানসম্পন্ন ছবি তৈরির জন্য সহায়ক একটি ‘কো-প্রোডাকশন মার্কেট’। আগ্রহী নির্মাতারা এখানে তাঁদের পরিকল্পনাধীন চলচ্চিত্রের পাণ্ডুলিপি পাঠান। এরপর পাণ্ডুলিপির মান এবং নির্মাতাদের আগের কাজের মূল্যায়ন করে নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে টেলিভিশন ছবিটির চিত্রনাট্য ১০ হাজার ডলারের এশিয়ান সিনেমা ফান্ড পুরস্কার লাভ করে। ফারুকী বললেন, ‘তরুণদের ছবি বানানোর স্বপ্ন পূরণের জন্য এখন টাকা বড় কোনো বাধা নয়। বাংলাদেশের তরুণ এবং সম্ভাবনাময় পরিচালকেরা সহজেই পুসানসহ বার্লিন ও রটারডাম প্রমোশন প্ল্যানের সুযোগ গ্রহণ করতে পারে।’ মোস্তফা সরয়ার ফারুকী এখন তাঁর নতুন ছবির পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন। ফারুকী জানালেন, এটার পরেই তিনি শুরু করবেন টেলিভিশন ছবির কাজ।