পুসানের জন্য তিশার পোশাক
দক্ষিণ কোরিয়ার পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন তিশা। আর তার জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন তিনি। তিশার জন্য দুটি পোশাক তৈরি করছেন ডিজাইনার গৌতম সাহা। একটি পোশাক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের জন্য, অন্যটি ১৩ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানের জন্য। পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকছে তিশা অভিনীত ছবি টেলিভিশন। ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিশা বললেন, ‘একটি বড় উৎসবের সমাপনী দিনে রেড কার্পেটে আমি হাঁটব, এটা ভাবতেই ভালো লাগছে। এই গৌরব শুধু আমার একার নয়, বাংলাদেশের চলচ্চিত্রজগতের সবার।’ফারুকী বলেন, ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানের টিকিট ছাড়ার ৩ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।’উৎসবে অংশ নিতে ৭ অক্টোবর পুসান যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা ও কাজী শাহির হুদা। ফারুকী জানান, টেলিভিশন ছবির গানের অডিও অ্যালবাম বাজারে আসবে কোরবানি ঈদের সপ্তাহ খানেক আগে। অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করা হবে একটি কনসার্ট।এদিকে আগামী ডিসেম্বরে টেলিভিশন ঢাকাসহ সারা দেশে মুক্তি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন ফারুকী। জানালেন, এ মাসেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দিচ্ছেন তিনি।