পুসানের সমাপনী ছবি টেলিভিশন
‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি বড় ঘটনা।’ বললেন চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম। ঘটনাটি হলো, পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে বাংলাদেশের ছবি টেলিভিশন। ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। দক্ষিণ কোরিয়ার পুসান শহরে আগামী ৪ অক্টোবর শুরু হচ্ছে এশিয়ার অন্যতম সেরা এই উৎসব। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সংযোগ অনুষ্ঠানের। এখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, চিত্রনাট্যকার আনিসুল হক, অভিনয়শিল্পী মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশাসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলী। ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মিডিয়া পার্টনার শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের (বাংলাভিশন) পরিচালক (অর্থ) আশরাফ উদ্দিন আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, চলচ্চিত্রনির্মাতা গোলাম রাব্বানী ও মেজবাউর রহমান। অনুষ্ঠানে ছবিটির ট্রেলার প্রদর্শন করা হয়। এখানে আরও জানানো হয়, একই উৎসবে ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশের আবু শাহেদের স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য কনটেইনার। উৎসবের ছবি বাছাইয়ের সঙ্গে যুক্ত এশিয়ার অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র ব্যক্তিত্ব কিম জি সুকের একটি ভিডিও বাণী দেখানো হয় অনুষ্ঠানে। কিম সি জুক বলেন, ‘আমি দেখে অবাক হচ্ছি, বাংলাদেশের তরুণ নির্মাতারা বিশ্ব চলচ্চিত্রে একটা নতুন ধারা তৈরির চেষ্টা করছে।’ প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল শিরোনাম করেছে, এশিয়ার শীর্ষ উৎসবের আলো চুরি করে নিয়েছে হংকং ও বাংলাদেশ।ফারুকী বললেন, বাংলাদেশের তরুণ নির্মাতাদের উচিত এখন চলচ্চিত্র নির্মাণের জন্য এগিয়ে আসা। ফরিদুর রেজা সাগর আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা এখন থেকে বছরে একজন তরুণ নির্মাতার ছবি প্রযোজনা করব।’ পুসান উৎসবের সপ্তদশ আসরে অংশ নিচ্ছে ৭৫ দেশের ৩০৪টি চলচ্চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে হংকংয়ের ছবি কোল্ড ওয়ার। এ ছাড়া পুসান উৎসবে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে থাকছে এবার কান উৎসবের সেরা ছবি মাইকেল হানেকের আমুর, কানের প্রতিযোগিতা বিভাগের হং সাং সোর ইন অ্যানাদার কান্ট্রি, ইম স্যাং সোর দ্য টেস্ট অব মানি, আব্বাস কিয়ারোস্তামির লাইক সামওয়ান ইন লাভ, ক্রিশ্চিয়ান ম্যাঙ্গোর বিয়ন্ড দ্য হিলস; ভেনিস উৎসবে গোল্ডেন লায়ন জেতা কিম কি দুকের পিয়েতা, চিত্রনাট্যের জন্য পুরস্কার পাওয়া অলিভার আসায়াসের সামথিং ইন দ্য এয়ার; বার্লিন উৎসবে গোল্ডেন বিয়ার জেতা সিজার মাস্ট ডাই, মোহসেন মাখমালবাফের দ্য গার্ডেনার, আপিচাতপং ভিরাসাথাকুলের ম্যাকন হোটেল ও অনুরাগ ক্যাশপের গ্যাংস অব ওয়াসিপুর। অনুষ্ঠানে ফারুকী জানান, টেলিভিশন ছবির অডিও অ্যালবাম বাজারে আসবে অক্টোবরে। আগামীনভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।