পূজা উদযাপনে বগুড়ায় অপু বিশ্বাস
বাঙালি হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজা উদযাপন করতে বগুড়া গেছেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী অপু বিশ্বাস। ১৭ অক্টোবর বগুড়া শহরের নিজ বাড়িতে গেছেন বলে প্রথম আলো ডটকমকে জানান তিনি। আজ দুপুরে কথা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ছবিতে অভিনয়ের ব্যস্ততা শুরু হওয়ার পর থেকে সেভাবে বগুড়ায় আসা হয় না। প্রায় এক বছর পর এলাম। তবে এখনো কোনো পূজামণ্ডপে যাওয়া হয়নি। আজ রাতে অথবা কাল বিভিন্ন মণ্ডপে যাওয়ার ইচ্ছে আছে। এ ছাড়া আত্মীয়স্বজন, যাঁদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, এ সময়টায় বাড়ি এলে অনেকের সঙ্গে দেখা হয়। কয়েকটা দিন ভালোভাবেই কেটে যায়।’দশমীর দিনের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় ফেরার কথা ভাবছেন অপু বিশ্বাস। গত বছর পূজার এ সময়টায় তাঁর সঙ্গে শাকিব খানও ছিলেন, এবার তিনি থাকছেন কি না—এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘হ্যাঁ। গতবার এ সময়টায় চাষী নজরুল ইসলাম ভাইও ছিলেন। বলতে পারেন, ওটা ছিল “দেবদাস” ছবির একটা প্রচারণাও। তবে সেবার আমরা অনেক মজা করেছি।’ এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত দুটি ছবি। এগুলো হলো: শাহাদাত্ হোসেনের ‘জিদ্দি মামা’ ও বদিউল আলম খোকনের ‘১০০% লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না’।