পূজা বেদির বাড়িতে ‘গাগা’!
বলিউডের সাবেক অভিনেত্রী পূজা বেদি সম্প্রতি অদ্ভুত এক ছবি পোস্ট করেছেন টুইটারে। ‘গাগা’ লেখা নেকব্যান্ডসহ একটি কুকুরকে দেখা গেছে ছবিটিতে। পূজার টুইটে জানা গেছে, তাঁর বাড়ির নতুন সদস্য এই গাগা।এ প্রসঙ্গে পূজা তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘সম্প্রতি আমাদের পরিবারে যুক্ত হয়েছে শি জু জাতের ছোট্ট একটি কুকুর। আমার ১৪ বছর বয়সী মেয়ে আলিয়া শখ করে কুকুরটির নাম রেখেছে গাগা। পপগায়িকা লেডি গাগার দারুণ ভক্ত আমার মেয়ে। গাগা সম্পর্কে এমন কিছু নেই যা সে জানে না। প্রিয় গায়িকার নামের সঙ্গে মিলিয়েই কুকুরটির নাম রেখেছে সে।’ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, কুকুরটি আলিয়াকে উপহার দিয়েছেন পূজা বেদির নতুন প্রেমিক ও ছোটপর্দার অভিনেতা আকাশদীপ সায়গল, যিনি স্কাই নামেও সুপরিচিত। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় পূজা লেখেন, ‘চমত্কার দেখতে এ কুকুরটি আমার মেয়েকে উপহার দিয়েছে স্কাই।’প্রসঙ্গত, গত বছর ‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন পূজা ও আকাশ। সেখানেই বয়সে পাঁচ বছরের ছোট আকাশের সঙ্গে দারুণ সখ্য গড়ে ওঠে ৪২ বছর বয়সী পূজার।