পূজা যাচ্ছেন ব্যাংকক

পূজা সেনগুপ্ত যাচ্ছেন থাইল্যান্ডের ‘ইফ’ উৎসবে। ব্যাংকক ও পাথুমথানিতে আয়োজিত ‘ইফ ফেস্টিভ্যাল অব পারফর্মিং আর্টস’-এ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা ‘অনামিকা সাগরকন্যা’ নামে একটি কোরিওগ্রাফির জন্য পেয়েছেন এই আমন্ত্রণ। সেখানে ‘লিটারেচার ইন ডান্স অ্যান্ড কোরিওগ্রাফি’র ওপর একটি কর্মশালাও পরিচালনা করবেন তিনি।
অনলাইনে ইফ-এর ওয়েবসাইটে উৎসবের ব্যাপারে একটি খবর দেখে পূজা উৎসব কমিটির সঙ্গে যোগাযোগ করেন। কমিটি তাঁর কাছ থেকে বিশদভাবে কাজটি সম্পর্কে জানতে চায়। ৪ সেপ্টেম্বর জানা গেল, পূজার কোরিওগ্রাফিটি নির্বাচিত হয়েছে। সারা বিশ্ব থেকেই আবেদন করা হয়েছিল, তবে নির্বাচিত হয়েছে বাংলাদেশসহ মোট ১০টি দেশ। অন্য দেশগুলো হলো কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত ও চীন।
‘অনামিকা সাগরকন্যা’য় চীনের ঐতিহ্যবাহী লোটাস ডান্স-এর সঙ্গে নজরুলের গান ও কবিতার ফিউশন করা হয়েছে। পূজা যাচ্ছেন ছয় সদস্যের একটি দল নিয়ে। ৩০ মিনিটের এই কোরিওগ্রাফিটি একজন প্রেমিকের পরিভ্রমণ। প্রেমের জন্য বিভিন্ন দেশ ও সংস্কৃতির পথপরিক্রমায় সে তার স্বপ্নসুন্দরীকে খুঁজছে।