পূজার উপহার নতুন সিনেমা

পরিবার আর বন্ধু-বান্ধবদের নিয়ে পূজার আনন্দে মেতে ছিলেন অভিনয়শিল্পী সুষমা সরকার। হঠাৎ করে নবমীর দিন জানতে পারলেন, নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে হবে তাঁকে। এতে করে পূজার আনন্দ ও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দ দুই-ই মিলে-মিশে একাকার হয়ে যায় তাঁর। আর তাই তো নবমীর দিনে স্বাক্ষর করা এই ছবিটিকে তাঁর পূজার অন্যতম সেরা একটি উপহার হিসেবে মনে করছেন এই অভিনেত্রী। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন সুষমা।
সুষমা অভিনীত নতুন সিনেমার নাম ‘ধেৎতেরিকি’। এই ছবির পরিচালক শামীম আহমেদ। টিভি নাটকের অভিনয়শিল্পী সুষমা অভিনীত প্রথম সিনেমা নুরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’। এরপর তিনি একে একে সানিয়াৎ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, বাবা যাদবের ‘বাদশা’, ফাখরুল আরেফিনের ‘ভুবনমাঝি’ ও নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায় অভিনয় করেছেন।
‘ধেৎতেরিকি’ সুষমার সাত নম্বর চলচ্চিত্র। এটিকে লাকি সেভেন হিসেবেও বলতে চাইছেন এই অভিনেত্রী। এই ছবিতে তিনি কমেডি চরিত্রে অভিনয় করেছেন। বললেন, ‘ছবির পুরো গল্প কমেডি ধাঁচের। আমার চরিত্রটিও বেশ মজার।
সারাক্ষণ হিন্দি সিরিয়াল দেখি। সেভাবেই চলাফেরা ও কথাবার্তা বলি। এর মধ্যে বেশ কিছু মজার ঘটনা ঘটবে। দীর্ঘ অভিনয়জীবনে কমেডি ধাঁচের একটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছিল আর এবার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আর যেহেতু এটা লাকি সেভেন সিনেমা, এর মধ্য দিয়ে আমার সিনেমা যাত্রার নতুন দরজাও খুলবে বলে আশা করছি।’
সুষমার নতুন এই ছবির শুটিং শুরু হবে খুব শিগগিরই। এতে তাঁর সহশিল্পী কলকাতার বিশ্বজিৎ। ‘ধেৎতেরিকি’ ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী হলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।