পূজার গল্প
এ সময়ে বেসরকারি একাধিক চ্যানেলে প্রায় ভেসে উঠছে অনুরূপ আইচের লেখা ‘তুমি আমার’ শিরোনামে মিউজিক ভিডিওটি। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আরেফিন রুমীর সুর ও সংগীতে তাঁর সঙ্গে গানটিতে ডুয়েট কণ্ঠ দিয়েছেন যে মেয়েটি, তিনি পূজা। সুরেলা কণ্ঠের নতুন প্রজন্মের এই মেয়ের গান এখন দর্শকের পছন্দের তালিকায় চলে এসেছে। শুধু মিউজিক ভিডিওতেই নয়, অডিও সিডিতেও বিভিন্ন সংগীত কর্নারে এই গান বেশ জোরেশোরেই বাজছে। তবে এই গানের পাশাপাশি সম্প্রতি ইমরানের সঙ্গে পূজার গাওয়া ‘দূরে দূরে’ শিরোনামে আরেকটি মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। ‘তুমি আমার’ গানটির মিউজিক ভিডিও এবং অডিও সিডিতে জনপ্রিয়তা পাওয়া প্রসঙ্গে পূজা কী বলেন? ‘“তুমি আমার” গানটি এ বছর ভ্যালেন্টাইন ডে-তে আমার একক অ্যালবাম পূজায় বাজারে এসেছে। গানটি দর্শকেরা পছন্দ করেছেন। কোনো অনুষ্ঠানে গেলে দেখা যায়, আমাকে চেনেন না, কিন্তু আমার গাওয়া “তুমি আমার” গানটি অনুষ্ঠানে অন্য শিল্পী গাইছেন। তখন আমার খুব ভালো লাগে।’ উত্তরে পূজা এভাবেই বললেন। ২০১০ সালে ভ্যালেন্টাইন ডে-তে শফিক তুহিনের কথা ও সুরে লেজার ভিশনের ব্যানারে প্রথম একক অ্যালবাম প্রজাপতি মন বাজারে আসে। দ্বিতীয় একক অ্যালবাম পূজা বাজারে আসার পরপরই শ্রোতাদের কাছে জায়গা করে নেন তিনি। অ্যালবাম প্রকাশের সুযোগ হলো কীভাবে? জানতে প্রশ্ন করি তাঁকে। চটজলদি উত্তর দেন পূজা, ‘২০০৮ সালে “চ্যানেল আই সেরা কণ্ঠ” প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশের সপ্তম স্থান ছিল আমার। সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুবাদে নিজের পরিচিতিটাও আসে। ওই সময় সেরা ১০ শিল্পীর একটি অ্যালবামও বের হয়েছিল। ২০১০ সালে এসে শফিক তুহিন আমাকে নিয়ে একক অ্যালবাম করার আগ্রহ প্রকাশ করেন। এগিয়ে আসে লেজার ভিশন। ওই বছরই ভ্যালেন্টাইন ডে-তে প্রজাপতি মন অ্যালবামটি বের হয়।’ নতুন প্রজন্মের এই শিল্পীর গানের ভুবনে গড়ে ওঠার শুরুর দিনগুলো কেমন ছিল? মা গান গাইতেন। তা ছিল পারিবারিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। বাবার সরকারি চাকরির কারণে আজ এ-জেলা তো কাল ও-জেলা। সংগীতে মা তাঁর নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। তাই মা চাইতেন, তাঁর নিজের স্বপ্ন মেয়ের মধ্যেই পূরণ করবেন। ছোটবেলা থেকেই মেয়েকে গানের শিল্পী হিসেবে গড়ার মিশন হাতে নেন মা। বাবা ঢাকার বাইরে থাকলেও মায়ের আগ্রহেই ঢাকার বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু হয় পূজার। ২০০৫ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় সংগীতে সারা দেশের সব বিভাগের মধ্যে প্রথম স্থান দখন করে নেন পূজা। নতুন কুঁড়িতে পর পর তিন বছর সাতটি পুরস্কার তাঁর দখলে চলে আসে। আগ্রহ বাড়ে। শুধু গান শেখার জন্যই ঢাকায় চলে আসেন মা-মেয়ে। পরের ঘটনা পূজার মুখ থেকেই শুনি। ‘ঢাকায় এসে বেঙ্গল ফাউন্ডেশনে এক বছরের জন্য ভর্তি হই। ওস্তাদ মাশকুর আলী খান, সঞ্জীব দে ও ওয়াহিদুক হক আমার শিক্ষক ছিলেন। এ ছাড়া ফেরদৌস আরা, সুবীর নন্দী ও শাম্মী আক্তারের কাছে গান শিখেছি। তারপর তো ২০০৮ সালে সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও আমাকে গানের জগতে একধাপ এগিয়ে দিয়েছে।’ বললেন পূজা। বর্তমানে গান নিয়ে ব্যস্ততা কেমন? জানতে চাই। পূজা বললেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। দুটি মিক্সড অ্যালবামের কাজের প্রস্তুতি চলছে। একটি ইমরানের সঙ্গে, অন্যটি প্রতীক হাসানের।’ আর নতুন একক অ্যালবাম? ‘একটু আস্তে-ধীরে কাজ করতে চাইছি। এ বছর তো একটি বের হয়েছে। প্রস্তুতি চলছে। আগামী বছর বের হবে।’ বললেন তিনি। ইতিমধ্যে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাবও পেয়েছেন তিনি। পূজা বললেন, ‘প্রস্তাব পেয়েছি। এখনো শুরু করিনি। চলচ্চিত্রে গান গাইতে চাই। শেষমেশ সব সংগীতশিল্পীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার।’ ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারে পড়ছেন পূজা। তিনি পাঠকদের জানিয়ে রাখেন, ভবিষ্যতে তিনি একজন ভালো মানের সংগীতশিল্পী হতে চান।