পূজার ছুটিতে মিম

পূজার ছুটি কাটাতে ঢাকা ছেড়েছেন লাক্সতারকাখ্যাত অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। আজ বুধবার সকালে পরিবারের সবার সঙ্গে মিলে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই অভিনয়শিল্পী। মিম জানিয়েছেন, পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে শারদীয় উৎসবের শেষে ৮ অক্টোবর ঢাকায় ফিরবেন আর এসেই আবার ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।
যাওয়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মিম বলেন, ‘আমার দাদা ও নানাবাড়ি, দুই-ই রাজশাহীতে। বাবার চাকরিসূত্রে দেশের বিভিন্ন স্থানে থাকতে হয়েছে। তবে পূজার সময় ঠিকই রাজশাহীতে চলে যেতাম। যদিও শোবিজ অঙ্গনে কাজ শুরুর পর তা অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। এ নিয়ে কিছুটা মন খারাপও হয়। গতবার তো দেশের বাইরে থাকার কারণে পূজায় অংশ নিতে পারিনি। এবারও অনেক কাজ ছিল। সবকিছু গুছিয়ে যেতে পারছি ভেবে খুবই আনন্দ হচ্ছে।’

পূজার সময়টা বছরের অন্যান্য সময়ের চেয়ে অনেকটাই আলাদা মিমের কাছে। এই সময়টাতে অনেক আত্মীয়স্বজন ও পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। বললেন, ‘বছরের বিভিন্ন সময়ে যার যার মতো করে সবাই বাড়িতে যায়। কিন্তু পূজার সময় পরিবারের সবাই একসঙ্গে শেকড়ের টানে গ্রামে আসে। অনেকদিন যাঁদের সঙ্গে দেখা হয় না এই সময়টাতে সেই অভাবটা পূরণ হয়। এত আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে থাকতে হয়, কয়েকটা দিন যে কীভাবে পার হয়ে যায় তা টেরই পাই না।’
আগে পূজায় যেভাবে মনের মতো করে আনন্দ করতেন এখন তা আর করতে পারেন না। শোবিজের কাজের কারণে পরিচিত মুখ হওয়ায় যেভাবে-সেভাবে যেখানে-সেখানে বের হতেও পারেন না। জানালেন, এর জন্য কিছুটা মন খারাপ হয়।
গত মাসের বেশির ভাগ সময় লন্ডনে নতুন ছবি গুডমর্নিং লন্ডন-এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন মিম। দেশে ফিরে শুরু করেন পদ্মপাতার জল ছবির কাজ। পদ্মপাতার জল ছবির কাজ থেকে কয়েকদিন ছুটি নিয়েই এবার রাজশাহীতে ছুটছেন মিম। শুটিংয়ের ব্যস্ততার কারণে পূজার কেনাকাটা মনের মতো করতে পারেননি বলেও জানান মিম। কথাপ্রসঙ্গে বললেন, ‘আগে পূজার বেশ কয়েক দিন আগে থেকে কেনাকাটার ধুম লেগে যেত। বছরের অন্যান্য সময়ের চেয়ে এই সময়টাতে কেনাকাটা করি সবচেয়ে বেশি। কিন্তু এবার শুটিংয়ে কাজের চাপে তার কিছুই সম্ভব হয়নি।