পূজায় দেশ টিভির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ অক্টোবর বুধবার নাটক, সংগীতানুষ্ঠান, চলচ্চিত্রসহ বর্ণাঢ্য কয়েকটি অনুষ্ঠান সম্প্রচার করবে দেশ টিভি।২৪ অক্টোবর সকাল আটটায় প্রচারিত হবে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ব্রিটিশ চলচ্চিত্র ‘প্রোভোকড’। ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় নির্মিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। প্রয়াত নির্মাতা জাগমুন্দ্রা পরিচালিত ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মিরান্ডা রিচার্ডসন, ‘কামাসূত্রা: এ টেল অব লাভ’খ্যাত ব্রিটিশ অভিনেতা নবীন অ্যান্ড্রুস, ‘হ্যারি পটার’খ্যাত স্কটিশ অভিনেতা রোবি কলট্রেন প্রমুখ।রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মায়া কানন’। রুবায়েত মাহমুদ পরিচালিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শশী, হিল্লোল, কল্যাণ, দিয়াত প্রমুখ। নাটকটির কাহিনিতে দেখা যাবে, বর্তমান সময়ের একজন জনপ্রিয় তরুণ শিল্পী তাইমুর সাদাত রেডিওতে এসে আড্ডা আর গান করছেন। গান আর আড্ডার ফাঁকে তাইমুর তাঁর ফেলে আসা গল্পে চলে যান।রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে পূজার বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক উইথ অনুপম রায়’। এতে সংগীত পরিবেশন করবেন ‘আমাকে আমার মতো থাকতে দাও’খ্যাত কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সিঁথি সাহা।