পূজায়ও পূজার শুটিং

আজ শুক্রবার থেকে মেহেরপুরে শুরু হচ্ছে পোড়ামন ২ ছবির শুটিং। এই ছবির নায়িকা ঢালিউডের নবাগত পূজা চেরি। আজ তাঁর জন্য এক বিশেষ দিন। একদিকে তাঁর নতুন ছবির শুটিং শুরু, অন্যদিকে দুর্গাপূজার নবমীর দিন। তাই দুই আনন্দ আজ পূজার কাছে মিলেমিশে একাকার।
পোড়ামন ২ ছবিতে পূজাকে দেখা যাবে পরী চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। শুটিংয়ের আগে এক মাস ধরে চলেছে ছবির ওপর কর্মশালার কাজ। সেই কর্মশালায় নিয়মিতই অংশ নিয়েছেন পূজা। তাই অন্য বছরগুলোর মতো পূজা এবার দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় তেমনভাবে জড়াতে পারেননি। তবে এ নিয়ে আক্ষেপ নেই তরুণ এই অভিনেত্রীর। পূজার মতে, কিছু পেতে হলে কিছু ত্যাগ তো করতেই হয়। তিনি বলেন, ‘বেঁচে থাকলে প্রতিবছরই পূজা উদ্যাপন করতে পারব। কিন্তু আরেকটা পোড়ামন ২ তো পাব না। তাই সবকিছু ত্যাগ করে এখন পরীর মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছি।’
নিজের প্রস্তুতি নিয়ে পূজা বলেন, ‘সহশিল্পীদের সঙ্গে পুরো ছবির চিত্রনাট্য ধরে মহড়া করেছি। এক মাস ধরে এমনভাবে প্রস্তুতি নিয়েছি, যাতে শুটিংয়ের সময় ক্যামেরার সামনে শট দেওয়ার আগে দ্বিতীয়বার আর মহড়া করতে না হয়।’
পোড়ামন ২ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। সিয়ামেরও হবে এটা প্রথম সিনেমায় অভিনয়।