পূর্ণ হচ্ছেন হাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ জিনিসটার ওপরই কয়েক দিন থেকে তাঁর খুব রাগ। রীতিমতো অরুচি জন্মে গেছে। সেফ হ্যাভেন ছবিটি করার আগে জেনেছেন, রোমান্টিক ছবি বলেই বেশ কয়েকটি ‘অতি রোমান্টিক’ দৃশ্যে অভিনয় করতে হবে। না, তাতে কোনো আপত্তি ছিল না জুলিয়ান হাফের। তবে আগে একটা জিনিসই কেবল নিশ্চিত হতে চেয়েছেন, এই ছবিতে নাচ-গান নেই তো!হলিউড তো আর বলিউড নয়। কারণে-অকারণে কয়েক মিনিট পর পর একটি করে গান থাকবে। নায়ক-নায়িকার প্রেম হয়েছে, ব্যস শুরু হয়ে গেল গান। নায়ক-নায়িকার মন কষাকষি, ব্যস আরও একটি গান! তবে হাফ এর আগে টুটোফাটা ছোটখাটো চরিত্র বাদে বলার মতো গুরুত্বপূর্ণ একটি ছবিই করেছেন—রক অব এজেস। মিউজিক্যাল ধরনের ছবি হওয়ায় এতে নাচ-গান ছিল যথেষ্ট। হাফ তাই এমন একটা ছবি খুঁজছিলেন, যেখানে তাঁকে নাচতে হবে না। গাইতে হবে না। তিনি শুধুই দেখিয়ে দিতে পারবেন অভিনয়। তাঁর সেই ইচ্ছার স্বর্গে তাঁকে পৌঁছে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ছবি সেফ হ্যাভেন।কিন্তু নাচের প্রতি তাঁর এত বিরাগ কেন? হলিউডের ঝলমলে দুনিয়ায় সদ্যই শক্ত পা ফেলতে শুরু করা এই ২৪ বছর বয়সী নীল নয়নাকে যারা চেনে, তারা এই প্রশ্নটাই করবে। নাচই তো তাঁর সব। নাচ দিয়েই তো এত দূর আসা। ২০০১ সালে প্রথম অভিনয় করেছিলেন চলচ্চিত্রে। সেটিও হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন ছবিতে। কিন্তু কে মনে রেখেছে তাঁকে? হাফের চরিত্রটা যে ছিল হগওয়ার্টসের সাধারণ এক স্কুলছাত্রীর। বলতে পারেন, সেই ছবিতে তিনি ছিলেন ‘এক্সট্রা’!সেই হাফকে আজ খ্যাতির আলোয় এনেছে নাচ। ড্যান্সিং উইথ দ্য স্টারস নামের যুক্তরাষ্ট্রের ভীষণ জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান জিতেছেন টানা দুবার। সঙ্গে সঙ্গে যশ-খ্যাতি। এই অনুষ্ঠানে হাফের প্রতিপক্ষ ছিলেন তাঁর ভাই ডেরেক। ডেরেকও এখন অনেক জনপ্রিয় একজন নাচিয়ে। শুধু এই দুই ভাইবোনের মধ্যে নয়, পরিবারের সবার রক্তেই আছে নাচ। হাফের দাদা-দাদি, নানা-নানি—সবাই পেশাদার নৃত্যশিল্পী ছিলেন। তাঁর মা-বাবার প্রেম শুরুই হয়েছিল একটা নাচের বলরুমে।সেই নাচে হাফের এত রাগের কারণ কী? কারণ হলো, তিনি নিজের অভিনয় ক্যারিয়ারটা আলাদাভাবে দাঁড় করাতে চাইছিলেন। কিন্তু নাচের কারণে তাঁর পরিচিতি এমনভাবে ছড়িয়ে গেছে, এর ছায়া থেকে বেরোতেই পারছেন না। আগেই তো জেনেছেন, রক অব এজেস নামের ছবিটাও ছিল মিউজিক্যাল। এ ছাড়া আরও যেসব ছবির প্রস্তাব পাচ্ছিলেন, সবগুলোয় নাচের ব্যাপারটি ছিলই। এমনকি অসাধারণ গায়িকা হাফ ২০০৭ সালে নিজের প্রথম যে সিঙ্গেলটি বের করেন, সেই গানের শিরোনামও ছিল, ‘উইল ইউ ডান্স উইথ মি?’ এখানেও নাচ!সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তা-ই বলেছেন, ‘আমি সেফ হ্যাভেন করতে চেয়েছি এর একটা বড় কারণ, এখানে কোনো নাচ বা গান নেই। এটা শুধু নাটকীয় একটা গল্প। এই ছবিটা ভালো করুক কিংবা খারাপ, একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল, এই ছবি আমাকে অভিনেত্রী হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।’সেফ হ্যাভেন অভিনেত্রী হিসেবে তাঁকে নিশ্চয়ই পায়ের নিচে শক্ত জমিন এনে দেবে। কারণ, এই ছবি খারাপ করার কারণ নেই। ছবিটি যে অভিন্ন নামে নিকোলাস স্পার্কসের উপন্যাস অবলম্বনে নির্মিত। রোমান্টিক ছবির ভক্তদের কাছে স্পার্কস নামটি দেবতার মতো পূজনীয়। মার্কিন এই ঔপন্যাসিকের কলম থেকেই এর আগে বেরিয়েছে নোটবুক, আ ওয়াক টু রিমেম্বার, ডিয়ার জন-এর মতো অসাধারণ সব রোমান্টিক ছবি।হাফের নিজের জীবনটাও এখন স্পার্কসের ভালোবাসার স্ফুলিঙ্গের মতো। ভালোবাসায় টইটম্বুর। চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় সাংবাদিক রায়ান সিক্রেস্টের সঙ্গে। দুজনে বিয়ের কথাও ভাবছেন বলে খবর। আর অর্ধেক নয়, এবার পূর্ণতাই আসতে যাচ্ছে হাফের জীবনে। শুভস্য শিঘ্রম! রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে