
পয়সার এখন আর বিশেষ চল নেই, তবে কথাটি চালু আছে। লোকে বলে, পয়সা উশুল। কিন্তু এ তো টাকাপয়সা খরচ করে পাওয়ার মতো কিছু নয়। তাহলে এই রাতের পর রাত জেগে কাটানোর উশুলটা হলো কী? রাজধানীর আর্মি স্টেডিয়ামে যাঁরা গত চার রাত জাগলেন, কেবল তাঁরাই জানেন টাকাপয়সায় সবকিছুর মূল্যায়ন হয় না। যে অনাবিল আনন্দ লাভ হলো, রাত জাগার ক্লেশ বা অবরোধের শহরে অতটা দূরে যাওয়ার উদ্বেগ-আতঙ্ক তাঁর কাছে কিছুই নয়। চোখ জুড়ানো, প্রাণ ভরানো পরিবেশনায় সার্থক হলো হেমন্তের কুয়াশামাখা মৃদু শীতে খোলা মাঠে এ রাত কাটানো।
সেই সাফল্যের পরিতৃপ্তি নিয়েই গতকাল রোববার শেষ হলো বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত চার দিনের উচ্চাঙ্গসংগীত উৎসব। উৎসবের সহযোগী কলকাতার সংগীত রিসার্চ একাডেমি (এসআরএ)। এতে সার্বিক সহযোগিতা দিয়েছে প্রথম আলো। সহযোগিতায় ছিল দ্য ডেইলি স্টার ও এবিসি রেডিও। সম্প্রচার সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন। গত ২৮ নভেম্বর থেকে আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছিল এ উৎসব। টিকিটের প্রয়োজন ছিল না, অনলাইনে আগাম নাম নিবন্ধনের মাধ্যমে শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেছেন।
সমাপনী অনুষ্ঠান: সমাপনী অধিবেশনটি উৎসর্গ করা হয় পণ্ডিত রবিশঙ্করকে। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেন, এ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠবে। বিশেষ অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, দেশে এখন সংকটময় সময় চলছে। তা সত্ত্বেও হাজার হাজার মানুষ রাত জেগে এ উৎসব উপভোগ করেছেন। যে দেশের মানুষ এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, ভয়কে জয় করে রাত জেগে উচ্চাঙ্গসংগীত শুনতে আসতে পারেন, সে দেশ এগিয়ে যাবেই। আরও বক্তব্য দেন এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে, শিল্পী ও বিশেষ করে শ্রোতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের অতিথিদের হাতে উৎসবের স্মারক তুলে দেন।
সুরভরা রাত: এবার প্রতিদিনের অধিবেশনেই বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ ছিল। গতকাল সমাপনী অধিবেশনটি শুরুও হয়েছিল এ দেশের প্রখ্যাত শিল্পী তামান্না রহমানের মণিপুরি নৃত্য দিয়ে। তিনি গৌরাঙ্গ আবাহন, কালীয়দমন ও দশাবতার—এ তিনটি নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিচালনায় ছিলেন গুরু কলাবতী দেবী। এরপর কণ্ঠে আনন্দকল্যাণ রাগ পরিবেশন করেন সুচিশ্রী রায়। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্তুর বাদন করছিলেন রাহুল শর্মা।
পরে ছিল পণ্ডিত উলহাস কাশালকারের কণ্ঠসংগীত, ওস্তাদ বাহাউদ্দিন ডাগরের রুদ্রবীণা বাদন, ওস্তাদ রশীদ খান ও বেগম পারভিন সুলতানার কণ্ঠসংগীত।}
আগের রাতে: শনিবার রাতটি এক অন্য ধরনের উচ্চতা পেয়েছিল উপমহাদেশের কিংবদন্তিসম পণ্ডিতদের গায়ন-বাদনে। মধ্যরাতে শিবকুমার শর্মা যখন সন্তুরে ঝিঞ্ঝট রাগে বাদন শুরু করেন, তখন মনে হচ্ছিল যেন পাহাড়ি গিরিখাত দিয়ে কুলকুল রবে বয়ে চলেছে স্বচ্ছ পানির ঝরনাধারা। তিনি আলপ, জোড়, ঝালা, ঝাঁপতাল ও তিনতাল বাজিয়ে শোনান। এরপর বিদুষী পদ্মা তালওয়ালকার পরিবেশন করেন তিলোককামদ রাগ। পরে ছিল একটি তারানা ও মিরার ভজন। তাঁর সঙ্গে তবলায় সংগত করছিলেন ছেলে সত্যজিৎ তালওয়ালকর। মা-ছেলের গায়ন-বাদন, বিশেষ করে অসাধারণ তারানাটি শ্রোতাদের বিমুগ্ধ করে। এরপর সেতারে কিরাত রাগ বাজিয়েছেন বাংলাদেশের রিনাত ফোওজিয়া। পরে তবলার বাদনে মাতিয়ে দেন পণ্ডিত স্বপন চৌধুরী। ঘণ্টা দেড়েক তিনি কায়দা, রেলা, টুকরা, র, গৎ, চক্রদার এবং বেশ কিছু প্রাচীন বন্দিস বাজিয়েছেন। ঘোড়ার দৌড়, আতশবাজির শব্দ, নানা ধরনের বোলের কাজে প্রকৃত অর্থেই শ্রোতাদের তিনি এমন কিছু দিয়েছেন, যা তাঁদের কল্পনাতেও ছিল না। এই উচ্চকিত মঞ্চে প্রশান্ত গম্ভীর স্বরে রাগদরবারি গেয়ে শুরু করেছিলেন পণ্ডিত উদয় ভাওয়ালকার। দরবারি দাদরা গেয়েছেন তিনি অসাধারণ। পরে সপ্ত সুর নিয়ে রচিত একটি ছোট্ট প্রাচীন বন্দিস ‘ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষদ এ হ্যায় সপ্ত সুর সুধা’ গেয়ে তাঁর গায়ন শেষ করেন তিনি।
এমন একটি অনন্য রাতের সমাপ্তিটিও ছিল অসাধারণ। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া যখন মঞ্চে এলেন, রাত তিনটা উতরে গেছে। আর্মি স্টেডিয়ামে তখন এক অপূর্ব দৃশ্য। যেন জোরে নিঃশ্বাস ফেলার শব্দটিও পাওয়া যায়। পণ্ডিত শুরু করলেন একটি ব্যতিক্রমী ভোরের রাগ প্রভাতেশ্বরী দিয়ে। দীর্ঘ আলাপ করে গেলেন ধীর লয়ে। কোমল সুরে ভরে উঠেছিল শেষ রাতের স্তব্ধতা। শ্রোতারা যেন নড়তেও ভুলে গিয়েছিলেন সেই সুরের ইন্দ্রজালে। যেন ভুলে গিয়েছিলেন করতালি দিতেও। পরে তিনি পাখোয়াজের সঙ্গে জোর ও তবলার সঙ্গে কিছু গৎ বন্দিস পরিবেশন করে যখন শেষ করলেন, শ্রোতারা আর আসনে বসে থাকতে পারেননি। উঠে দাঁড়িয়ে করতালিতে মুখর করে তুলেছিলেন পরিবেশ। এরপর তিনি রাগ ললিত এবং বিশেষ অনুরোধে ছোট করে কীর্তনের সুর বাজিয়ে শেষ করেন। তখন আঁধার সরিয়ে ভোরের আলোর আভা দেখা দিয়েছে পুবের আকাশে। শ্রোতারা ঘরে ফেরেন সুরের সুধায় হূদয়ের পাত্রখানি পূর্ণ করে।