পূর্ণতার পথে 'একটি অর্ধেক প্রেমের গল্প'

এগিয়ে চলেছে আশরাফ শিশিরের পরিচালিত ‘একটি অর্ধেক প্রেমের গল্প’ ছবির শুটিংয়ের কাজ। এরই মধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
এ প্রসঙ্গে আশরাফ শিশির জানান, কক্সবাজারে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা শুটিং হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ছবির পরের দৃশ্যগুলোর শুটিং হবে ঢাকায়। ছবিটির প্রধান তিনটি চরিত্রে রয়েছেন ‘নন্দিত নরকে’খ্যাত সুমনা সোমা, ‘সুপার হিরো সুপার হিরোইন’খ্যাত ইমরান ইমু ও নবাগত ক্যাটরিনা ক্রোড়ি। এ ছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় একজন অভিনেত্রীকে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর তাঁর নাম প্রকাশ করা হবে বলে জানান পরিচালক আশরাফ শিশির।
ছবির গল্প সম্পর্কে আশরাফ শিশিরের ভাষ্য, ‘রাজধানী ঢাকাকে ঘিরে গড়ে ওঠা গল্পটি শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে একটি থ্রিলারে। গল্পের প্রয়োজনে ছবিতে যুক্ত হয়েছে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্য। প্রেম-যৌনতা-বিরহ-মাদক-নাগরিক যন্ত্রণার চিত্র ফুটে উঠবে এতে। আমার বিশ্বাস, ছবিটি দেখার পর একটি শাশ্বত সুন্দর জীবনের হাতছানি দর্শককে বেঁচে থাকার লড়াইয়ে জিততে প্রলুব্ধ করবে।’
‘একটি অর্ধেক প্রেমের গল্প’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে মিডিয়াএইড বাংলাদেশ। এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন আশরাফ শিশির।
এদিকে, কিছুদিন আগে সরকারি অনুদানের ছবি ‘গাড়িওয়ালা’র নির্মাণকাজ শেষ করেছেন আশরাফ শিশির। চলতি বছরের নভেম্বরে বিশ্ব শিশু দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে।