পূর্ণাঙ্গ সম্প্রচারে এশিয়ান টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৮ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে নতুন স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভি। চ্যানেলটির পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এশিয়ান টিভির হেড অব প্রোগ্রাম অ্যান্ড এন্টারটেইনমেন্ট কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ও সরা বিশ্বে বাংলা ভাষাভাষীদের বিনোদন ও নানা অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে এশিয়ান টিভি। স্যাটেলাইট চ্যানেলের উন্মুক্ত বাজারে বিদেশি চ্যানেলগুলোর সঙ্গে প্রতিনিয়ত আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। সেসব চ্যানেলের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে আমরাও বড় বাজেট এবং ভিন্নধর্মী ভাবনা নিয়ে অনুষ্ঠান ও নাটক নির্মাণ করছি।’ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে কাল বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। প্রধান অতিথির বক্তব্যের পরই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন শাকিব খান, অপু বিশ্বাস, ফেরদৌস, নোবেল, রিচি, মৌ, মিম, নিপুন, শখ, সজল, ইমন, নওশীন, তমা মির্জা, ঈশানা, হূদয় খান, কনা, মৌসুমী হামিদসহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, সৈকত সালাউদ্দিন, পরিচালক ইদ্রিস হায়দার, গৌতম কৈরি এবং অভিনয়শিল্পী সাবেরী আলম ও ভাবনা।