পূর্ণিমা ও শুভকে নিয়ে ‘ওয়ারিশ’
ওয়ারিশ ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে দুই বছর ধরে। ছবিটির জন্য একাধিকবার শিল্পী নির্বাচন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত নির্মাতারা কাদের নিয়ে ছবির কাজ শুরু করবেন, তা অনেক দিন জানা যায়নি। সম্প্রতি ওয়ারিশ ছবির শিল্পী নির্বাচন চূড়ান্ত করা হয়েছে। ছবির পরিচালক সালাহউদ্দিন লাভলু জানান, ওয়ারিশ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা ও আরেফিন শুভ। কোরবানির ঈদের পর ছবির শুটিং শুরু হবে।ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এই প্রতিষ্ঠানের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেন, ‘ওয়ারিশ নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি। ছবির প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগেছে। এরপর শিল্পী নির্বাচনে আরও কিছুটা সময় লেগে যাওয়ায় নির্মাণকাজ একটু পিছিয়ে যায়। তবে এবার সব কিছু চূড়ান্ত হয়েছে।’ আরেফিন শুভ এর আগে অভিনয় করেছেন জাগো ছবিতে। পূর্ণিমা এরই মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পূর্ণিমা বললেন, ‘ইফতেখার ফাহমির টু বি কন্টিনিউড... ছবির কাজ শুরু করেছি। এরপর হয়তো ওয়ারিশ ছবির কাজ করব।’ লাভলু বলেন, ‘ওয়ারিশ ছবিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি পুরোমাত্রার বাণিজ্যিক চলচ্চিত্র, তাই এ ছবির শিল্পী নির্বাচনেও আমরা সেদিকটি গুরুত্ব দিয়েছি। আমার প্রথম চলচ্চিত্র মোল্লাবাড়ির বউ। এর পর লম্বা সময় বিরতি নিয়েছি একটি কারণে, যাতে দ্বিতীয়টিও মোল্লাবাড়ির বউ ছবির মতোই আলোড়ন তুলতে পারে।’