পূর্ণিমা নিরবকে নিয়ে রাজা সূর্য খাঁ
রাজা সূর্য খাঁকে মেরে প্রাসাদ দখল করেছে দুষ্টচক্র। তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে প্রজাদের একটি বিরাট অংশ। দলে দলে লোকজন সেখানেই ভিড় জমাচ্ছে। যুদ্ধ হবে, বিরাট যুদ্ধ। এই যুদ্ধে কে জয়ী হবে? পরিচালক গাজী মাহাবুব এর উত্তর তৈরি করার জন্যই কক্সবাজারে এক বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি করে সেখানেই শুটিং শেষ করলেন।গত ২৬ জানুয়ারি থেকে কক্সবাজারের সমুদ্রসৈকতে এই যুদ্ধক্ষেত্রের শুটিং করেছেন তিনি। ঢাকা থেকে ৫০০ মানুষ, ২০টি ঘোড়া আর যুদ্ধের বিভিন্ন অস্ত্র নিয়ে তিনি কক্সবাজারে রওনা হন। শিল্পীদের মধ্যে শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা, নিরব, উজ্জ্বল ও ইলিয়াস কোবরা।পরিচালক বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ছবি। এখানে আমরা রাজা সূর্য খাঁর জীবনের উল্লেখযোগ্য অংশগুলোই তুলে ধরছি। যুদ্ধের দৃশ্যের অংশটি ব্যয়বহুল হলেও ছবির বিশ্বাসযোগ্যতার জন্যই এই বিশাল আয়োজন করতে হচ্ছে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছবির টানা শুটিং চলে কক্সবাজারে। ছবিতে আরও অভিনয় করেছেন মারুফ, কবরী, সোহেল রানা ও ববিতা।