পূর্ণিমা-শুভ-সুমীর ‘এখনো ভালোবাসি’
চিত্রনায়িকা পূর্ণিমা, অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমী ও মডেল অভিনেতা আরেফিন শুভকে নিয়ে নির্মিত হলো টেলিছবি ‘এখনো ভালোবাসি’। পরিচালনার পাশাপাশি টেলিছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাহবুবা ইসলাম সুমী।এখনো ভালোবাসি টেলিছবির গল্পে দেখা যাবে শুভ (আরেফিন শুভ) ও ঐশী (পূর্ণিমা) এক সুখী দম্পতি। কিন্তু, পাঁচ বছর যাবত্ তাঁরা সংসার করলেও এখনো কোনো সন্তান আসেনি তাঁদের ঘরে। এ নিয়ে তাঁদের মধ্যে একটা মনোমালিন্য চলতে থাকে। সিদ্ধান্ত নেয় ভুটান গিয়ে টেস্টটিউব বেবি নেবেন তাঁরা। এ জন্য ভুটান যান তাঁরা। আর সেখানেই গিয়েই বিপত্তি ঘটে। শুভর সাবেক স্ত্রী সুমীর সঙ্গে সেখানে দেখা হয়ে যায়। সেখানে সুমীর অসহায় জীবনযাপন দেখে শুভর স্বাভাবিক মনটা অস্বাভাবিক হয়ে ওঠে। এ রকম একটা ত্রিভূজ সম্পর্কের মধ্য দিয়ে এখনো ভালোবাসির গল্প এগিয়ে যায়।গোলাম রাব্বানীর মূল ভাবনায় টেলিছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন সুমী। ঈদের চতুর্থ দিন বিকেল চারটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিছবিটি।