পূর্ণিমার জুটি হলেন কণ্ঠশিল্পী শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের পর ‘এক জীবন’খ্যাত কণ্ঠশিল্পী শহীদ এবার অভিনয় করলেন টিভি নাটকে। নাটকে তাঁর সহশিল্পী চিত্রনায়িকা পূর্ণিমা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় চ্যানেল নাইনের ঈদের নাটক ‘অফসাইড’-এ দেখা যাবে এই জুটিকে। সম্প্রতি ঢাকায় এ নাটকের শুটিং শেষ হয়েছে।অভিনয় প্রসঙ্গে দুরবীন-এর গায়ক শহীদ বলেন, ‘এর আগে রাজ (মুহাম্মদ মোস্তফা কামাল) ভাইয়ের চলচ্চিত্র ‘ছায়া-ছবি’তে আমি প্রথম অভিনয় করি। তবে সেটি ছিল একটি গানের দৃশ্যে, বিশেষ উপস্থিতি হিসেবে। আমি তাঁর নির্মাণশৈলীর দারুণ একজন ভক্ত; তাই তিনি যখন এ ধরনের গল্পে অভিনয়ের কথা বললেন, প্রথম দিকে মনে হচ্ছিল পূর্ণিমার সমান্তরালে আমি কী করে অভিনয় করব! অবশেষে নির্মাতাই সব কিছু বুঝিয়ে দিলেন। অভিনয়ে ভালো কিছু হলে তার সবটুকু কৃতিত্বই পরিচালকের। আর মন্দ হলে এর পুরোটা আমার।’অভিনীত চরিত্রটি প্রসঙ্গে শহীদ বলেন, ‘এখানে আমাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে দেখানো হবে। জানি না, চরিত্রটি কতখানি ফুটিয়ে তুলতে পেরেছি। তবে চেষ্টা করেছি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’নাটকে শহীদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘ঈদের নাটকের ক্ষেত্রে সবাই একটা ভিন্নতা চান। তবে এ নাটকে ভিন্নতার চেয়েও চরিত্রের প্রয়োজনেই শহীদ ভাইয়ের অংশগ্রহণ। সত্যি কথা বলতে, আমার কাছে নাটকটির এ ধরনের চরিত্রের জন্য শহীদ ভাইকেই যোগ্য বলে মনে হয়েছে।’ পূর্ণিমা ও শহীদ ছাড়া ‘অফসাইড’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: চঞ্চল চৌধুরী, এজাজুল ইসলাম ও সোহেল খান।