পূর্ণিমার তৃতীয় অধ্যায়
এ বছরই অভিনয়ের এক যুগ পূর্ণ করলেন পূর্ণিমা। শুরু করেছেন পেশাজীবনের তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় শুরু হয়েছিল ১২ বছর আগে। সেখান থেকে নিজেকে যখন নিয়ে যান আরও ওপরে, তখনই সাফল্যের পালে এসে লাগে বড় রকমের ধাক্কা। বিয়ের গুঞ্জনে মুখরিত হয় চারদিক। শুরু হয় পূর্ণিমার দ্বিতীয় ইনিংস। সেটি ছিল তাঁর পেশাজীবনের বৈরী সময়। তাঁর অভিনীত বেশ কটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখতে যখন ব্যর্থ, ঠিক তখনই হঠাত্ বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপর কিছুটা সিদ্ধান্তহীনতা—চলচ্চিত্রকে বিদায় জানাবেন কি জানাবেন না। তবে না, আবার ফিরে এসেছেন তিনি। শুরু হলো পূর্ণিমার তৃতীয় অধ্যায়ের ইনিংস। প্রশ্ন ছিল, ভরাডুবি অবস্থা থেকে আবার সদর্পে ফিরে আসবেন—এই বিশ্বাস কি ছিল?কিছু একটা বলতে গিয়ে পূর্ণিমা থেমে গেলেন; বললেন, ‘লাইট, ক্যামেরা প্রস্তুত হয়ে আছে। একটু বসেন।’ তিনি চলে গেলেন ক্যামেরার সামনে। কান্নার একটি দৃশ্য ধারণ হওয়ার পর ফিরে এলেন। ক্যামেরা থেমেছে, কিন্তু কান্না তখনো থামেনি। চোখ মুছতে মুছতে পূর্ণিমা বললেন, ‘নিজের কাছেই অবাক লাগে। ১২ বছর পার করে দিলাম! অবশ্য চলচ্চিত্রে কাজ শুরু করেছি অল্প বয়সেই। তাই ১২টি বছর আমার জন্য খুব বেশি কাজের সময় বলে মনে হচ্ছে না।’ থামলেন তিনি। মুঠোফোনে দু-একটি প্রয়োজনীয় ফোন করে নিলেন। বললেন, ‘জানতে চেয়েছিলেন ডুবন্ত অবস্থা থেকে ভাসলাম কী করে। কী করেই আবার আজকে এতটা ব্যস্ত সময় পার করছি। বলতে পারেন, মৌসুমী আপুকে দেখে আমি অনেকটাই উত্সাহী হয়েছি। মৌসুমী আপুও বিয়ের পর ফিরে এসেছিলেন। বলতে পারেন, তাঁর সেই ফিরে আসাটাই এ ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে।’ পূর্ণিমা এখন কাজ করছেন সোহানুর রহমান, এফ আই মানিক, কাজী হায়াত্, মনতাজুর রহমান, শাহ আলম, আহমেদ নাসির, মুশফিকুর রহমানসহ একাধিক নির্মাতার ছবিতে। অভিনয় করছেন রিয়াজ, আমিন খান, শাকিব খান ও মারুফের বিপরীতে।একমাত্র রিয়াজের সঙ্গেই একটি সফল জুটি গড়ে উঠেছিল তাঁর। এখন কাজ করছেন অনেকের সঙ্গেই। পূর্ণিমা বললেন, ‘জুটি আসলে নির্ভর করে দর্শকের পছন্দের ওপর। আর যাঁদের নিয়ে জুটি গড়ে ওঠে, তাঁদের জড়িয়ে প্রেম-রোমান্সের গুজব থাকতে হয়। এভাবেই আসলে মানুষের মুখে মুখে এক জোড়া শিল্পীর নাম ছড়ায়। কিন্তু এখন তো আমার সঙ্গে আর সে রকমভাবে কাউকে জড়িয়ে প্রেম-রোমান্সের গুজব ছড়ানোর সম্ভাবনা নেই। তাই সে রকমভাবে জুটি গড়ে উঠছে না।’প্রেমের ছবি দিয়ে অভিনয় শুরু করলেও সামাজিক ও দাঙ্গা-হাঙ্গামানির্ভর ছবিতেও কাজ করেছেন পূর্ণিমা। এ ব্যাপারে পূর্ণিমা বললেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে যখন কাজ শুরু করি, তাঁর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শাড়িও পরতে হয়েছে। গেটআপেও পরিবর্তন আনতে হয়েছে। চরিত্রের সঙ্গে মানানসই করে তোলার জন্যই জিনস, টি-শার্ট পরেও কাজ করছি। তবে চরিত্রের বিষয়টি নির্ভর করে পরিচালক ও ছবির গল্পের ওপর।’মনের মাঝে তুমি বা হূদয়ের কথার পর অনেক দিনই পূর্ণিমার ব্যবসাসফল কোনো ছবি নেই। অবশ্য এতে হতাশ নন এই নায়িকা। বললেন, ‘একটু অপেক্ষা করুন। সামনে আমার যে ছবিগুলো মুক্তি পাবে, সেগুলোর মধ্যেই সাফল্য লুকিয়ে রয়েছে। বেশি দিন অপেক্ষা করতে হবে না।’ পরিচালকের ডাক পড়ল। উঠে পড়লেন পূর্ণিমা। ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালেন। মারুফের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। পরিচালক ‘অ্যাকশন’ বলতেই পূর্ণিমার সংলাপ, ‘ওরা আমাকে ভালো হতে দিল না। আমার কী দোষ?’ পরিচালক বললেন ‘কাট’। আলো নিভে গেল। আবার ফিরে এলেন পূর্ণিমা। বললেন, ‘চলচ্চিত্রের চারদিকে তাকালে কেমন যেন খাঁ খাঁ লাগে। আগে প্রতিটি ফ্লোরে মানুষে সরগরম ছিল। এখন অন্ধকারাচ্ছন্ন। রাতের বেলা তো ভুতুড়ে পরিবেশ নেমে আসে। অথচ আমরা এমন ইন্ডাস্ট্রি চাইনি। জানি না, এ থেকে কবে কীভাবে বেরিয়ে আসতে পারব।’কয়েকজন দর্শনার্থী পূর্ণিমাকে ঘিরে ধরেছেন। তাঁরা প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তুলতে চান। তাঁদের একজন এসেছেন নাটোর থেকে। ছবি না তুলতে পারলে তাঁর স্বপ্ন মাটি হয়ে যাবে। পূর্ণিমা তাঁকে নিরাশ করলেন না। প্রিয় অভিনেত্রীর কাছে এরপর তাঁর প্রশ্ন ছিল, ‘মনের মাঝে তুমির মতো ছবিতে আপনাকে আমরা পাই না কেন?’পূর্ণিমা শুধু হাসলেন; উত্তর দিলেন না। দর্শনার্থীরা চলে যেতেই বললেন, ‘মানুষের প্রত্যাশা আসলে মনের মাঝে তুমির মতো ছবি। কিন্তু নির্মাতারা যদি সে রকম ছবি না বানান, তবে আমরা শিল্পীরা কী করতে পারি?’বিকেল ঘনিয়ে এসেছে। মৃদু ঠান্ডা বাতাস বইছে। পূর্ণিমা উঠে পড়লেন। আবারও যেতে হচ্ছে ক্যামেরার সামনে।