পূর্বাচলের পানে তাকাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের শেষ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন হয়ে উঠল রবীন্দ্রময়। তাঁর সৃষ্টিকর্ম আর জীবন-দর্শন নিয়ে হলো কথা। সেসব কথার রেশ কাটতে না কাটতেই কবিতা আবৃত্তি, নৃত্য আর গানের সুরে ভরে উঠল মিলনায়তন।রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ‘পূর্বাচলের পানে তাকাই’ নামে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে। গতকাল রোববার বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ছিল উদ্বোধনী গান ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে/ওই-যে তিনি, ওই-যে বাহির পথে’। অতিথিদের উত্তরীয় প্রদানের পর স্বাগত বক্তব্য দেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও উদ্যাপন কমিটির আহ্বায়ক শাহনাজ নাসরীন।দুটি পর্বে বিভক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে কুহেলী ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক আনিসুজ্জামান। প্রবন্ধ পাঠ করেন সংগীত বিভাগের অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গাইলেন ‘চিত্ত পিপাসিত রে, গীতসুধার তরে’, ‘আমার এই পথ-চাওয়াতেই আনন্দ’, ‘শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা’সহ কবির নানা পর্যায়ের গান। ফাঁকে ফাঁকে ছিল গানের সঙ্গে নৃত্য ও কবিতা আবৃত্তি। সবশেষে সমবেত কণ্ঠের পরিবেশনা, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। যাত্রা-পাঠশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে গতকাল ‘যাত্রা-পাঠশালা’র প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। যাত্রা প্রশিক্ষণ-উন্নয়ন-গবেষণা পরিষদের উদ্যোগে পরিচালিত এ অনুষ্ঠানে পরিবেশিত হয় দুটি যাত্রাপালা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার যাত্রা-পাঠশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক তুলে দেন। যাত্রা-পাঠশালার প্রতিষ্ঠা ও এর উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক মিলন কান্তি দে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘নবাব সিরাজউদ্দৌলা’ পালার অংশবিশেষ। পরে দেশ অপেরা পরিবেশন করে যাত্রাপালা ‘বর্গী এল দেশে’।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদীচীআমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, গতকাল এখানে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের দ্বিতীয় সম্মেলন। সকালে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। যৌথভাবে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ও সৈয়দ হাসান ইমাম। পরে অতিথি ও সংগঠনের কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন উদীচীর শিল্পীরা।