পৃথিবী জাগাতে ‘ডালিমকুমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গহিন এক অরণ্যের ধারে এক কৃষক দম্পতির বসবাস। অভাব-অনটনের সংসার। তার ওপর ১০ বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান। একদিন তাঁরা ‘অলৌকিক’ ক্ষমতাধর এক দরবেশের দেখা পান। দরবেশ জাদুমন্ত্রবলে একটি ডালিম বের করে দিলেন কিষানির হাতে। অতঃপর এক পুত্রসন্তান এল তাঁদের পরিবারে। সেই সন্তানের নাম রাখা হলো ডালিমকুমার। তাঁর বীরত্ব, প্রেম-অপ্রেমের বিস্ময়কর কাহিনি নিয়ে নাটক ডালিমকুমার। গতকাল জাতীয় নাট্যশালা মঞ্চে নাটকটি মঞ্চস্থ করে নাট্যকেন্দ্র।রূপকথা দিয়ে শুরু হলেও নাটকের একপর্যায়ে বর্তমান প্রেক্ষাপট চলে আসে। দেখা যায়, বর্তমানে নেতৃত্বের সংকট পৃথিবীব্যাপী। সবাই যেন ঘুমিয়ে আছে। এই জেগে জেগে ঘুমিয়ে থাকা পৃথিবীবাসীকে জাগাতে পারে কে? এ প্রশ্নের জবাব মেলে ডালিমকুমার নাটকে। রূপকভাবে ডালিমকুমারকে নেতৃত্বের আসনে বসিয়ে সবাইকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন নাট্যকার। প্রথমার্ধে দেখা যায় ডালিমকুমারের জন্ম, বেড়ে ওঠাসহ ডালিমকুমার হয়ে ওঠার গল্প। পরের অধ্যায়টা রূপকথার সঙ্গে সমাজবাস্তবতার সংমিশ্রণ। এ অধ্যায়ে ডালিমকুমার-এর মাধ্যমে সমকালীন পৃথিবীর রূপ দেখা যায়।নাটকটি লিখেছেন শুভাশিস সিনহা। নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান। অভিনয় করেছেন ইকবাল বাবু, আবিদ রেহান, সংগীতা চৌধুরী, লুসি তৃপ্তি গোমেজ, হাবিব মাসুদ প্রমুখ।আলাউদ্দিন আল-আজাদ স্মরণ‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু,/ আমরা এখনো চার কোটি পরিবার/ খাড়া রয়েছি তো।’ ‘স্মৃতিস্তম্ভ’ কবিতায় শহীদ মিনার ভেঙে দেওয়ার প্রতিবাদে এই পঙিক্তমালা লিখেছিলেন কবি ও ঔপন্যাসিক আলাউদ্দিন আল-আজাদ। আজ তিনিই স্মৃতি। চিরবিদায় নিয়েছেন দুই বছর আগে। গতকাল তাঁর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে কবিতা পত্রিকা কবিকণ্ঠ।সংগঠনের পল্টন কার্যালয়ে কবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ফজল শাহাবুদ্দীন। কবি শাহীন রেজা পরিচালিত এ অনুষ্ঠানে আলোচনা ও কবিতায় কবিকে স্মরণ করেন কবি আল মুজাহিদী, জাহাঙ্গীর ফিরোজ, কামার ফরিদ প্রমুখ।কুইনির একক চিত্র প্রদর্শনীজলরং ও অ্যাক্রিলিকের মাধ্যমে কাগজ ও ক্যানভাসে আঁকা ২৪টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে গুলশানের গ্যালারি ইমপ্রেসনে (স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ভবন, নিচতলা, ৬৭ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২)। বিমূর্ত ও আধা বিমূর্ত ধারায় এসব চিত্রকর্ম এঁকেছেন শিল্পী নাসিমা খানম কুইনি। এটি শিল্পীর চতুর্থ একক চিত্র প্রদর্শনী। ২৬ জুন শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৪ জুলাই পর্যন্ত।ত্রিধারার সময় বেড়েছেধানমন্ডির গ্যালারি দৃকে চলছে শিল্পী জাহান আফরোজ ও শারমিন কবীরের যৌথ প্রদর্শনী। ‘ত্রিধারায় উৎসারিত প্রকৃতি’ নামের এ প্রদর্শনীতে রয়েছে নকশা করা শাড়ি, গয়না ও চিত্রকর্মের বৈচিত্র্যময় সমারোহ। চিত্রকর্মে বাংলাদেশের ফুল ও ফল প্রাধান্য পেয়েছে। এ ছাড়া রয়েছে ঐতিহ্যবাহী, আধুনিক ও সমকালীন নকশার হরেক রকমের গয়না। ১ জুলাই শুরু হয়েছিল তিন দিনব্যাপী এ প্রদর্শনী। দর্শকের সাড়া পাওয়ায় এর মেয়াদ আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে। প্রদর্শনী শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গ্যালারি খোলা থাকবে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত।ইংরেজিতে কোয়ান্টাম সিডিকোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে কোয়ান্টাম মেডিটেশনের দুটি ইংরেজি সিডি প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য দেন পরিচালক সুরাইয়া রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন শহীদ আল বোখারী মহাজাতক। অনুষ্ঠানে চারটি ইংরেজি মেডিটেশন-সংবলিত দুটি অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়। কোয়ান্টাম কর্তৃপক্ষ জানায়, এই সিডি বিক্রির টাকা মানবসেবায় ব্যয় করা হবে।রাজশাহীতে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানরাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, প্রয়াত সংগীতসাধক ওস্তাদ মোজাম্মেল হকের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে রাজশাহী শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে গত রোববার গভীর রাত পর্যন্ত উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।দেশের প্রয়াত শিল্পীদের সম্মান জানাতে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উচ্চাঙ্গ সংগীতের শিল্পী মঞ্জুশ্রী রায়। শিশু বিভাগের শিক্ষার্থীদের ‘তারানা’ পরিবেশনের মাধ্যমে সংগীত পরিবেশন শুরু হয়। অনুষ্ঠানে ওস্তাদ সলক হোসেন রাগ-বর্ষা এবং ওস্তাদ শিবনাথ দাস বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।